ইউএপি ক্যাম্পাসে ‘উড়ছে’ এক হাজার সাদা পাখি
একটা খাঁচা। সেই খাঁচা ভেঙে বেরিয়ে আসছে একঝাঁক সফেদ পাখি। তবে খাঁচার চারপাশে এখনো আটকা পড়ে আছে কিছু পাখি। আর খাঁচা থেকে অনেক ওপরে বাঁধা আছে লাল-সবুজ ফিতা। কিছু পাখি উড়ে গিয়ে সেই লাল-সবুজকে ছুঁয়েছে।
স্বাধীনতা দিবস উপলক্ষে ক্যাম্পাসের বিশাল জায়গাজুড়ে এ রকম একটি শিল্পকর্ম তৈরি করেছেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) স্থাপত্য বিভাগের একদল শিক্ষার্থী। ব্যাচের নাম কান্ডারি। দারুণ এই ইনস্টলেশনেরও তাঁরাই কান্ডারি। তাঁরা সবাই চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র।
ইউএপি ক্যাম্পাসের প্রাণকেন্দ্র হলো প্লাজা। ক্যাম্পাসে ঢুকেই ৯০ ফুট উঁচু এই ফাঁকা জায়গাটা চোখে পড়ে। প্রতিদিন এখানে সমবেত হন ছাত্রছাত্রীরা। তাই প্লাজাকেই শিল্পকর্ম তৈরির স্থান হিসেবে বেছে নিয়েছিলেন শিক্ষার্থীরা।
কান্ডারিদের একজন মেহনাজ আফরিন। তিনি বলেন, ‘আমরা বাড়তি কিছু ব্যবহার করিনি। হাতের কাছে যা আছে, সেগুলোই কাজে লাগিয়েছি। আমাদের ক্লাসরুমের টেবিলগুলোতে যে স্টিলের কাঠামো আছে, সেগুলোতে দড়ি পেঁচিয়ে খাঁচাটা তৈরি করা হয়েছে। অরিগ্যামি করে বানানো হয়েছে এক হাজার সাদা পাখি। আর একদম ওপরে লাল-সবুজ ফিতা দিয়ে বানিয়েছি পতাকার প্রতিকৃতি।’
আরেক শিক্ষার্থী তৃনা দাস বলেন, ‘এই স্বাধীন দেশে ঠিক কতটা স্বাধীন আমরা, সেই প্রশ্ন সামনে রেখেই আমাদের এমন ইনস্টলেশনের ভাবনা। স্বাধীনতাযুদ্ধের বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েই আমরা এই শিল্পকর্ম তৈরি করি। করোনাকালের বন্দীদশা পেরিয়ে আবার যে মুক্ত পাখির মতো ক্যাম্পাসে ঘুরে বেড়াতে পারছি, এই ইনস্টলেশনকে সেই আনন্দের বহিঃপ্রকাশও বলতে পারেন।’
কান্ডারিদের কষ্ট সার্থক হয়েছে নিশ্চয়ই। জায়গাটা যেহেতু ক্যাম্পাসের একদম মাঝখানে, পুরো ক্যাম্পাস থেকেই পাখিগুলো চোখে পড়ে। বিশ্ববিদ্যালয়ে পা রাখতেই শিক্ষার্থীদের নজর কাড়ে এই কাগুজে পাখিরা।
বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান নওরোজ ফাতেমী বলেন, প্রতিবছরই এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন রকমের ইনস্টলেশন আর্টওয়ার্ক তৈরি করেন। উপলক্ষ হিসেবে বিজয় দিবস, স্বাধীনতা দিবসের মতো জাতীয় দিবসগুলো গুরুত্ব পায় সবচেয়ে বেশি। করোনার কারণে দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ ছিল। তাই এ বছরের ইনস্টলেশন আর্টওয়ার্কটি বিশেষ মাত্রা পেয়েছে। এতে মুখ্য বিষয় ছিল বন্দিত্বের শৃঙ্খল ভেঙে মুক্তির আকাঙ্ক্ষার তীব্রতাকে প্রতীকীরূপে প্রকাশ করা। স্থাপত্য বিভাগের ৪২তম ব্যাচ, কান্ডারিদের এই দারুণ কাজের জন্য সাধুবাদ জানাই।