এসএসসি পরীক্ষার্থীরা ফরম পূরণের টাকা ফেরত পাচ্ছে
এ বছর এসএসসি পরীক্ষা সব বিষয়ে হবে না। সংক্ষিপ্ত পরিসরে পরীক্ষা নেবে শিক্ষা বোর্ডগুলো। পরীক্ষার্থীদের তত্ত্বীয় পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা ও কেন্দ্র ফি বাবদ আদায় করা অব্যয়িত অংশ ফেরত পাবে শিক্ষার্থীরা। বোর্ডের ফেরত দেওয়া অর্থ সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ড বলেছে, এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত পরিসরে গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরীক্ষার্থীদের তত্ত্বীয় পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা ও কেন্দ্র ফি বাবদ আদায় করা অব্যয়িত অংশ আন্তবোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির ১৬৬তম সভায় ফেরত দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বোর্ডের ফেরত দেওয়া অর্থ সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের প্রতিষ্ঠানে পাঠানো হবে।
ঢাকা শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষার্থীরা কত টাকা ফেরত পাচ্ছে
এসএসসি পরীক্ষার্থীরা প্রবেশপত্রে উল্লেখিত প্রতিটি পত্রের যেসব পত্র বা বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে সেসব বিষয় বা পত্রের জন্য আদায় করা বোর্ড ফি থেকে পত্রপ্রতি (তত্ত্বীয়) ৩০ টাকা করে ফেরত পাবে। পরীক্ষার্থীর ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে (আইসিটি ছাড়া) আদায় করা বোর্ড নির্ধারিত ফি থেকে বিষয়প্রতি ২০ টাকা এবং আইসিটি বিষয়ের ব্যবহারিক বোর্ড ফি ৩০ টাকা ও চতুর্থ বিষয়ের ব্যবহারিক বোর্ড ফি ৩০ টাকা ফেরত পাচ্ছে শিক্ষার্থীরা।
কেন্দ্র ফি থেকে পরীক্ষার্থীরা যা ফেরত পাবে
২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেসব পরীক্ষার্থী ফরম পূরণ করেছে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে (ন্যূনতম একটি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার ক্ষেত্রেও) তাদের কেন্দ্র ফি থেকে পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা এবং আইসিটি বিষয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানের আদায় করা ২৫ টাকা ও চতুর্থ বিষয়ের ব্যবহারিক পরীক্ষা বাবদ আদায় করা ১০ টাকা পরীক্ষার্থীকে ফেরত দেওয়া হবে।
এ ছাড়া এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেসব পরীক্ষার্থী ফরম পূরণ করেছে, কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না, সে ক্ষেত্রে কেন্দ্র ফি বাবদ আদায় করা ৪০০ টাকা এবং আইসিটি বিষয়ে অতিরিক্ত আরও ২৫ টাকা ও চতুর্থ বিষয়ের ব্যবহারিক পরীক্ষা বাবদ প্রতিষ্ঠানের আদায় করা ১০ টাকা পরীক্ষার্থীকে ফেরত দিতে হবে। পরীক্ষার্থী সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বোর্ডের পাঠানো অব্যয়িত অর্থ ও অব্যয়িত কেন্দ্র ফি গ্রহণ করতে পারবে।