কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্যাপিত হলো আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগে গতকাল বুধবার বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপিত হয়েছে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস। বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন এবং হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগ, জাককানইবির যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উদ্যাপিত হলো আন্তর্জাতিক এ দিবস। হিসাববিজ্ঞান বিষয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এ পেশার সব মানুষের কাছে দিবসটি তাৎপর্যপূর্ণ।
হিসাববিজ্ঞানের জনক হিসেবে সমধিক পরিচিত ইতালির গণিতবিদ লুকা পেসিওলির জগদ্বিখ্যাত বই ‘সুমা ডি অ্যারিথম্যাটিকা, জিওমেট্রিকা, প্রোপরশনি-অ্যাট-প্রোপরশনালিটা’ ১৪৯৪ সালের ১০ নভেম্বর সর্ব প্রথম ইতালির ভেনিস থেকে প্রকাশিত হয়। বইটি তখনকার সময়ে গাণিতিক জ্ঞানের সারমর্ম তুলে ধরে সাড়া ফেলে। এটিকে ডাবল এন্ট্রি বুক কিপিংয়ের ওপর প্রথম মুদ্রিত বই হিসেবে গণ্য করা হয়, যাকে মেথড অব ভেনিস হিসেবেও আখ্যায়িত করা হয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. সুব্রত কুমার দে এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. জালাল উদ্দীনের উদ্বোধনী বক্তব্য দিয়ে শুরু হয় আয়োজন। আলোচনায় বক্তারা হিসাববিজ্ঞান বিষয়ের গুরুত্ব এবং আজকের দিনে এ বিষয়ের প্রয়োজনীয়তা উল্লেখ করে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞানলাভের জন্য উদ্বুদ্ধ করেন। বিভাগের সব শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতিতে টি-শার্ট বিতরণ এবং বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শোভাযাত্রার মাধ্যমে বর্ণাঢ্যভাবে উদ্যাপিত হয়েছে দিবসটি।
বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে দেশের ৮টি বিভাগের ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে উদ্যাপিত হয়েছে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস। এ দিনে অনলাইনে একটি আলোচনা সভা হয়, যেখানে জাপান, অস্ট্রেলিয়া এবং ভারতের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ আমাদের দেশের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক অংশগ্রহণ করেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান দিবস উদ্যাপনের সার্বিক দায়িত্বে ছিলেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম। তিনি হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগেরও সহযোগী অধ্যাপক।