করোনাকালে কীভাবে চলছে বুয়েটের পড়ালেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুয়েটের ক্যাম্পাস ফাঁকা হলেও অনলাইনে পুরোদমে চলছে ক্লাস–পরীক্ষা
ছবি: খালেদ সরকার

করোনা মহামারির এই দীর্ঘ দুর্যোগ বুয়েট কীভাবে সামাল দিচ্ছে? কীভাবে চলছে এই নামী শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম? জানতে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছিলাম আমরা।

জরিপ যখন জরুরি

অনলাইন ক্লাসের ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থীরা কে কী ধরনের সমস্যায় পড়ছেন বা কী কী সমস্যার মুখোমুখি হতে পারেন—শুরু থেকেই জানতে চেষ্টা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ। আর এ কাজে ব্যবহার করা হয়েছে প্রতিষ্ঠানটির নিজস্ব বুয়েট ইনস্টিটিউশনাল ইনফরমেশন সিস্টেম (বিআইআইএস)। কতজনের কাছে অনলাইন ক্লাসে অংশ নেওয়ার মতো স্মার্ট যন্ত্র নেই, কোথায় ইন্টারনেটের সংযোগ কেমন, ইন্টারনেট ডেটা প্যাকেজ বা স্মার্ট যন্ত্র কেনার মতো সামর্থ্য নেই কাদের—জরিপের মাধ্যমে শুরুতেই এ ধরনের নানা তথ্য সংগ্রহ করা হয়।

যন্ত্রের জোগান

সাড়ে ৫ হাজার শিক্ষার্থীর মধ্যে জরিপ পরিচালনার পর জানা যায়, ৩৭০ জন শিক্ষার্থীর কাছে অনলাইনে ক্লাস করার মতো ভালো ডিভাইস নেই। ১ হাজার ৮০০ শিক্ষার্থী জানান, প্রতি মাসে তাঁদের ইন্টারনেটের ডেটা কেনার সামর্থ্য নেই। এ রকম আরও নানা তথ্যের ভিত্তিতে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

স্মার্ট যন্ত্র কেনার জন্য শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে বিনা সুদে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে ঋণ দেওয়া হয়। ৪৫ হাজার টাকা করে ঋণ পেয়েছেন ১৩৩ জন শিক্ষকও। ইন্টারনেটের ডেটা কিনতে যাঁরা সমস্যায় পড়ছেন, তাঁদের প্রতি মাসে ৫০০ টাকা করে দেওয়া হয় অনুদান হিসেবে। তিনটি মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির ভিত্তিতে বিশেষ ইন্টারনেট প্যাকেজসহ ৬২৫টি সিম কার্ড দেওয়া হয় শিক্ষক ও শিক্ষার্থীদের। ছাত্রছাত্রীরা যেন বিদ্যুৎ বিভ্রাটের কারণে ক্লাস বা পরীক্ষায় অংশ নিতে সমস্যায় না পড়েন, সে জন্য ইউপিএস বা পাওয়ার ব্যাংক কিনতেও ঋণ দেওয়া হয়েছে।

বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার বলেন, 'যেহেতু করোনায় ক্যাম্পাসের বিদ্যুৎ বিলসহ আরও নানা খাতে খরচ কমেছে, বেঁচে যাওয়া এই টাকা দিয়ে আমরা এমন কিছু করার চেষ্টা করছি, যা শিক্ষক-শিক্ষার্থীদের কাজে লাগে।'

কীভাবে চলছে ক্লাস-পরীক্ষা

১৫৭ জন 'ক্লাস রিপ্রেজেনটেটিভ'–এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন শিক্ষকেরা। তাঁদের মাধ্যমে বাকি ছাত্রছাত্রীদের কাছে যেকোনো বার্তা পৌঁছে দেওয়া হয়। অনলাইন ক্লাসের জন্য সাধারণত জুম, মুডল ও মাইক্রোসফট টিমস—এই তিন সফটওয়্যার ব্যবহার করা হয়। ল্যাবকেন্দ্রিক ক্লাসগুলোর জন্য আছে ভিডিওর ব্যবস্থা। শিক্ষার্থীরা যেন শ্রেণিকক্ষের অনুভূতিটা পান, সেটি মাথায় রেখেই এই ভিডিও তৈরি করা হয়।

বুয়েটের সহ-উপাচার্য আব্দুল জব্বার খান বলেন, 'এ বছর টার্ম ফাইনাল পরীক্ষাও অনলাইনে নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের মনোবল ধরে রাখতে একাডেমিক কাউন্সিলের সভায় কিছু বিষয়ে শর্ত শিথিল করেছে বুয়েট। শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে পরীক্ষা, প্রস্তুতি ও খাতা জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে।'

সিদ্ধান্ত অনুসারে আড়াই ঘণ্টার পরীক্ষা শেষে পরীক্ষার খাতা অনলাইনে পিডিএফ আকারে জমা দেওয়ার জন্য আধা ঘণ্টা সময় পান শিক্ষার্থীরা। কেউ করোনায় আক্রান্ত হলে পরে আবার পরীক্ষা দিতে পারেন। সে ক্ষেত্রে কোনো নম্বর বা গ্রেড কমে যায় না। এ ছাড়া এক টার্মের রিটেক পরীক্ষা দেওয়ার সময় পাঁচটি কোর্সের জায়গায় তিনটি কোর্সে পরীক্ষা নিয়ে প্রমোশন দেওয়া হয়।

অনলাইন ক্লাসের বেসিক পদ্ধতি তো আসলে সব জায়গায় একই। তবে বুয়েটের বেলায় আমার কাছে মনে হয়, সবকিছু একটু গোছানো। করোনার শুরুতেই যেমন ভার্সিটি আমাদের মাইক্রোসফট টিমসের গ্রাহক করে দিয়েছে। ক্লাস, পরীক্ষা দেওয়া, খাতা জমা দেওয়া, সবই এক সফটওয়্যারে হয়ে যায়। সবাই যেন অনলাইন ক্লাসগুলোয় ঠিকমতো অংশ নিতে পারে, সে জন্য শুরু থেকেই বিশ্ববিদ্যালয় নানাভাবে সহযোগিতা করেছে।

বুয়েটের নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগের শিক্ষার্থী মো. মুরাদ হাসান গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে বসে নিয়মিত ক্লাস করছেন। তিনি বললেন, 'পরীক্ষা আটকে থাকলে হয়তো হতাশা পেয়ে বসত। পড়ালেখার চাপ আছে বলেই আমাদের আসলে অন্য কিছু নিয়ে ভাবার সময় নেই। ভার্সিটি থেকে পাওয়ার ব্যাংক কেনার জন্য আড়াই হাজার টাকা ঋণ পেয়েছি। সেটাও আমার খুব কাজে লেগেছে।'

বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলের ছাত্র সাদাত হোসেনের কাছে জানতে চেয়েছিলাম, অনলাইন ক্লাসের ক্ষেত্রে বুয়েট কোনো বিশেষ নিয়ম অনুসরণ করে কি না, যা অন্যদের তুলনায় আলাদা। সাদাত বললেন, 'অনলাইন ক্লাসের বেসিক পদ্ধতি তো আসলে সব জায়গায় একই। তবে বুয়েটের বেলায় আমার কাছে মনে হয়, সবকিছু একটু গোছানো। করোনার শুরুতেই যেমন ভার্সিটি আমাদের মাইক্রোসফট টিমসের গ্রাহক করে দিয়েছে। ক্লাস, পরীক্ষা দেওয়া, খাতা জমা দেওয়া, সবই এক সফটওয়্যারে হয়ে যায়। সবাই যেন অনলাইন ক্লাসগুলোয় ঠিকমতো অংশ নিতে পারে, সে জন্য শুরু থেকেই বিশ্ববিদ্যালয় নানাভাবে সহযোগিতা করেছে।'

করোনায় শিক্ষার্থীদের পাশে

বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক মিজানুর রহমান বলছিলেন, 'করোনায় আক্রান্ত হয়ে অনেক শিক্ষার্থী ও তাঁদের পরিবার দুর্দশায় পড়েছে। জরিপের মাধ্যমে আমরা জানতে চেষ্টা করেছি, কাদের সাহায্য প্রয়োজন। সেই অনুযায়ী সাধ্যমতো আমরা সহযোগিতা করতে চেষ্টা করেছি।' এ উদ্যোগের আওতায় ৪৬৯ জন শিক্ষার্থীকে সহায়তা দেওয়া হয়েছে। কতজন টিকা নিয়েছেন, কারা নিচ্ছেন—এসব তথ্যও ডেটাবেসে লিপিবদ্ধ করা হচ্ছে। এখন পর্যন্ত ১ হাজার ৪৬৯ জন প্রথম ডোজ আর ৬৫১ জন শিক্ষার্থী উভয় ডোজ টিকা নিয়েছেন।