ছাত্রজীবনে আড়ি, শিক্ষকজীবনে ভাব আর দাম্পত্য জীবনে পিএইচডি
একসঙ্গে পড়েছেন। একসঙ্গে শিক্ষক হয়েছেন। পরে বিয়েও করেছেন। এখন একসঙ্গে পিএইচডি করতে গেছেন যুক্তরাষ্ট্রে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বায়েজীদ বাতেন ও মাশিয়াত হোসেন দম্পতির গল্প শুনতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছিলেন মেহেরীন নেওয়াজ
বুয়েটের প্রথম বর্ষেই বায়েজীদ বাতেনের পরিচয় হয় গুরুগম্ভীর এক ব্যাচমেটের সঙ্গে। নাম মাশিয়াত হোসেন। প্রথম দেখাতে দুজনেরই দুজনকে খুব অপছন্দ হয়েছিল। মনে হয়েছিল, অপরজন বড্ড নাক উঁচু। সেই অপছন্দের কয়েক বছর পর তাঁরা একসঙ্গে বুয়েটের শিক্ষক হয়েছেন, বিয়ে করেছেন আবার একসঙ্গে যুক্তরাষ্ট্রের একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডিও করতে গেছেন। এত কিছু কীভাবে ঘটল?
‘পুরকৌশল বিভাগে একই ব্যাচে পড়তাম। একজন আরেকজনের নাম জানতাম। কিন্তু আশ্চর্য ব্যাপার, পড়াশোনার চার বছরে আমাদের কখনো সেভাবে কথাই হয়নি। আমার বন্ধুরা ওর ল্যাব গ্রুপে কাজ করত, ওখান থেকে জানতাম, ম্যাডাম খুব রাগী!’ হাসতে হাসতে বলেন বায়েজীদ। ‘আমি আসলে ছোটবেলা থেকেই অন্তর্মুখী। কিন্তু বায়েজীদ একদম উল্টো। ওর অতিরিক্ত উচ্ছলতা আমার পছন্দ ছিল না। আমার চুপচাপ থাকাটাও ওর ভালো লাগত না। তাই ভালো লাগা তো দূরের কথা, দুজন দুজনের সঙ্গে কথাই বলতাম না’, বলেন মাশিয়াত।
দুজনকে দুজনার যদি এতই অপছন্দ, তবে ভালো লাগার শুরুটা হলো কী করে? ‘আমরা দুজন একসঙ্গে বুয়েটের শিক্ষক হিসেবে চাকরি পাই। কলিগ হওয়ার পর তো আর কথাবার্তা না বলে উপায় নেই। একটু অনিচ্ছার সঙ্গেই এগিয়ে গেলাম। এরপর বন্ধুত্ব হয়ে যায়। ভালোবাসা কখন হয়েছে, জানি না। তবে বন্ধুত্ব থেকেই সব শুরু’, বলেন মাশিয়াত। এ বিষয়ে বায়েজীদের বক্তব্য, ‘শিক্ষক হিসেবে নতুনভাবে অনেক কিছু শিখতে হয়। টিচার রুমে একা যেতে মাশিয়াতের মধ্যে একটা ভয় কাজ করত। তাই আমরা একসঙ্গে যেতাম সব সময়। এভাবেই বরফ গলতে শুরু করে।’
বায়েজীদ একবার ভিয়েতনাম গেলে মজা করেই তাঁর কাছে খুব দামি এক জোড়া জুতা উপহার চেয়েছিলেন মাশিয়াত। দুজনই জানতেন, এত দামি জুতা কেনার সামর্থ্য বায়েজীদের নেই। কিন্তু জুতা আনতে না পারলেও একই ব্র্যান্ডের পারফিউম ঠিকই এনেছিলেন বায়েজীদ। এ উপহার কিনতে গিয়ে তাঁর নাকি ফ্লাইট ছুটে যাওয়ার জোগাড় হয়েছিল। এসব ছোটখাটো ঘটনা থেকেই ভালোবাসার শুরু। এই শুরুটা যে ছাত্রজীবনে হয়নি, সে কথা ভেবে দুজন এখন স্বস্তির নিশ্বাস ফেলেন। তাহলে গল্পটা অন্য রকমও হতে পারত। মাশিয়াত সোজাসাপটা বললেন, ‘যখন স্টুডেন্ট ছিলাম, তখন প্রেম হলে বেশি দিন টিকত না। এখন ওর কিছু গুণ আমার মধ্যে ভর করেছে, আমার কিছু গুণ ও রপ্ত করে নিয়েছে। আমাদের মধ্যে একটা সামঞ্জস্য এসেছে।’
ছাত্রজীবনের প্রেম মানেই তো লুকোছাপা। শিক্ষকদের প্রেমটা কেমন? ‘সেটা তো আরও বড় টেনশন! স্টুডেন্ট হিসেবে প্রেম করলে মনে হয়, বন্ধুদের কাছে ধরা পড়লেই বিপদ। কিন্তু শিক্ষক হিসেবে প্রেম করলে ছাত্রছাত্রীদের কথাও ভাবতে হয়। ওরা দেখলে কী ভাববে!’ বললেন বায়েজীদ।
বিয়ের পর উচ্চশিক্ষার জন্য দুজন একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু সত্যই যে একসঙ্গে ইলিনয় স্টেট ইউনিভার্সিটিতে সুযোগ পেয়ে যাবেন, ভাবতেই পারেননি। পুরকৌশলের পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রের এই বিশ্ববিদ্যালয়ের বেশ সুনাম আছে। দুজনের গবেষণার বিষয় অবশ্য আলাদা। সে জন্য মাশিয়াতকে খুব খুশি মনে হলো, ‘ওর সঙ্গে একই গ্রুপে আমি থাকতেই চাই না। কারণ, জানি সব কাজ আমাকে দিয়ে করাবে আর নিজে ঘুরে বেড়াবে।’
দুজনই বেড়াতে ভালোবাসেন। পড়াশোনার ভীষণ চাপের মধ্যেও ছয় মাস আগে থেকে একেকটা ভ্রমণের পরিকল্পনা শুরু করেন। বায়েজীদ বলছিলেন, ‘যেহেতু দুজন দুজনের কাজের চাপটা বুঝি, তাই জীবনটা অনেকখানি সহজ হয়ে গেছে।’