টিএমটিই প্রকল্পে প্রাথমিক শিক্ষকদের দ্বিতীয় দলের গ্র্যাজুয়েশন সম্পন্ন
ব্রিটিশ কাউন্সিল ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় ট্রেইনিং অব মাস্টার্স ট্রেইনার্স ইন ইংলিশ (টিএমটিই) প্রকল্পের অধীন প্রাথমিক শিক্ষকদের দ্বিতীয় দলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান হয়েছে। সম্প্রতি ঢাকা, গাজীপুর, শেরপুর, যশোর, বরিশাল ও গোপালগঞ্জের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে এই গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া ভার্চ্যুয়াল গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপিফোর) দিলীপ কুমার বণিক, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) সোহেল আহমেদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) উত্তম কুমার দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি ও শিক্ষা পরিচালক ডেভিড আর মেনার্ড।
বিভিন্ন দলে ভাগ করে দুই হাজারের বেশি প্রাথমিক শিক্ষকদের ইংরেজি ভাষাবিষয়ক দক্ষতা ও শিক্ষা প্রদানের বিষয়ে উন্নতি করার লক্ষ্যে বিস্তৃত পরিসরের প্রকল্প হলো টিএমটিই। দ্বিতীয় ধাপে ব্রিটিশ কাউন্সিল ৬ জেলায় ২২০ জন প্রাইমারি শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করেছে, যাঁরা নিজ নিজ এলাকার স্কুলগুলোতে উন্নত ও গুণগতমানের ইংরেজি শিক্ষা দিতে পারবেন। ১৪ সপ্তাহের পেশাদার দক্ষতা অর্জনের পথচলা শুরু হয়েছিল গত বছরের ২৪ অক্টোবর। গত কয়েক মাসের কঠোর পরিশ্রম ও নিবেদনের স্বীকৃতিস্বরূপ আজ তাঁরা সনদ পেয়েছেন।
গ্র্যাজুয়েশন অনুষ্ঠান নিয়ে আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম বলেন, ‘ব্রিটিশ কাউন্সিলের প্রশিক্ষণটি বিশ্বমানের ছিল এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশিক্ষণও বটে। আমি ইতিমধ্যেই শিক্ষকদের নিজেদের কর্মক্ষেত্রে প্রশিক্ষণ শুরু করার পরামর্শ দিয়েছি, যাতে আমরা প্রকল্পের মেয়াদের মধ্যেই এ প্রশিক্ষণ সম্পন্ন করতে পারি।’
ডেভিড আর মেনার্ড বলেন, ‘এটি আমাদের সবার জন্য একটি কঠিন যাত্রা ছিল কিন্তু আমি নিশ্চিত যে প্রশিক্ষণটি অণুপ্রেরণাময়, আনন্দদায়ক এবং কার্যকরী ছিল—এ ব্যাপারে আপনারা সবাই একমত হবেন। আপনারা যখন আপনাদের স্কুলে ফিরে যাবেন এবং তরুণ শিক্ষকদের সঙ্গে কাজ করবেন, তখন আপনি এই প্রশিক্ষণকে কার্যকর করতে এবং মানসম্পন্ন ইংরেজি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে অন্য শিক্ষকদের সহায়তা করতে পারবেন। বিজ্ঞপ্তি