নর্দান ও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির উদ্যোগে সেন্টার অব এক্সিলেন্স সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি নর্দান ইউনিভার্সিটি ও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে ‘সেন্টার অব এক্সিলেন্স সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’-এর উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি রাজধানীতে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের অডিটোরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য আনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির উপাচার্য গৌতম সেনগুপ্ত। অতিথি হিসেবে আরও সংযুক্ত ছিলেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির রিসার্চ ডিরেক্টর অভিজিৎ মিত্র, রেসিডেন্স ডিরেক্টর শ্যামা প্রসাদ ব্যাপারী, আইআইটির অধ্যাপক কুনাল কান্তি ঘোষ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আবু ইউসুফ মো. আবদুল্লাহ বলেন, ব্যবসায়িক খাত বিকাশের জন্য দক্ষ জনশক্তি তৈরি করা একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে দক্ষ সাপ্লাই চেইনের গুরুত্ব অপরিসীম। সরবরাহকারী ও ভোক্তাদের মধ্যে একটি ভালো সম্পর্ক তৈরি এবং সর্বাধিক ব্যবসায়িক মুনাফা অর্জন করতে সেন্টার অব এক্সিলেন্স সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অগ্রণী ভূমিকা পালন করে।

এরই ধারাবাহিকতায় নর্দান ইউনিভার্সিটি ও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে সেন্টার অব এক্সিলেন্স সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভিন্ন কোর্স চালু করেছে। নর্দান ইউনিভার্সিটি ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ কোর্সের মাধ্যমে তাঁদের দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন।

স্বাগত বক্তব্য দেন নর্দান ইউনিভার্সিটির রেজিস্ট্রার এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের পরিচালক এম মুনিরুল ইসলাম। অনুষ্ঠানে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক মামুন হাবিব এবং নর্দান ইউনিভার্সিটির সহ-উপাচার্য, বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক, কোষাধ্যক্ষ, পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, আমন্ত্রিত অতিথি ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি