নাচের টানেই এক হয়েছেন তাঁরা
ক্যাম্পাসের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচের অংশটা ঠিক মনমতো হচ্ছিল না। শিক্ষার্থীরা নিজেরাই সন্তুষ্ট হতে পারছিলেন না। পুরো আয়োজনে পড়ছিল যার প্রভাব। জাতীয় কবির নামে বিশ্ববিদ্যালয়, সেখানে ছন্দ-তালে দর্শকের মন মাতবে না, তা কী করে হয়! এই খেদ থেকেই একটি নাচের ক্লাব করার উদ্যোগ নেন একদল তরুণ। আর এভাবেই ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ১২তম আবর্তনের (ব্যাচ) কয়েকজন উদ্যমী শিক্ষার্থীর প্রচেষ্টায় যাত্রা শুরু করে জাককানইবি ড্যান্স ক্লাব। নিয়মিতই এখন নাচের চর্চা করে এই সংগঠন। দারুণ দারুণ সব অনুষ্ঠানেরও আয়োজন করে।
২০১৯ সালে ক্লাবটি প্রতিষ্ঠার পর একটা বড় সময় বন্ধ ছিল ক্যাম্পাস। মহামারির এই সময়ও থেমে থাকেনি ক্লাবের কার্যক্রম। নিজেদের চাঙা রাখতে অনলাইনেই চলেছে কার্যক্রম। শিক্ষার্থীরা নিজ নিজ বাসা থেকে নাচের ভিডিও করে শেয়ার করেছেন ক্লাবের অফিশিয়াল ফেসবুক পেজে। ছিল ‘ড্যান্স টক’–এর মতো নাচ নিয়ে আলোচনার অনুষ্ঠানও।
ক্যাম্পাস খোলার পর কুয়াশা উৎসবে নিজেদের আবার নতুন করে চিনিয়েছে জাককানইবি ড্যান্স ক্লাব। এই ক্যাম্পাসের এটি সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব। এ বছর এই উৎসবে পদ্মপুরাণ ও শূন্য ব্যান্ডের ‘বেহুলা’ গানের ওপর ভিত্তি করে একটি ব্যতিক্রমী পরিবেশনা উপস্থাপন করে তারা।
তার পর থেকেই নানা বিশ্ববিদ্যালয় থেকে ডাক পাচ্ছে তারা। এ বিষয়ে ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ বিন আজাদ বলেন, ‘করোনার কারণে ক্যাম্পাসের বাইরের ইভেন্টগুলোয় অংশ নিতে পারিনি। কিন্তু কুয়াশা উৎসবে আমাদের পারফরম্যান্স দেখে বিভিন্ন জায়গা থেকে আমন্ত্রণ পাওয়া আমাদের জন্য বড় একটি প্রাপ্তি। বাইরের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দিতে চাই আমরা।’
সভাপতি শুভ্রদেব চক্রবর্তীর চাওয়া একটু অন্য রকম, ‘সাংস্কৃতিক কর্মকাণ্ডের দিক থেকে অনেকটাই এগিয়ে আমাদের ক্যাম্পাস। কিন্তু নাচ নিয়ে তেমন বড় কোনো আয়োজন হয় না। এমন একটা নৃত্য উৎসব আমরা করতে চাই, যা ক্যাম্পাসের গণ্ডি ছাড়িয়ে যাবে, বিভিন্ন ক্যাম্পাসে আমাদের সুনাম ছড়িয়ে দেবে।’