নাটোরের বাউয়েট ক্যাম্পাসে স্বপ্ন ছড়ানো
বিশ্ববিদ্যালয় হিসেবে বয়স খুব বেশি নয়। ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ নাটোরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) ভিত্তিফলক উন্মোচন করেছিলেন। ঠিক ছয় বছরের মাথায় যেন শিক্ষার্থীরা তার প্রতিদান দিলেন। ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের দুই কৃতী শিক্ষার্থীর জন্য সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। তৃষা বসাক ও মমিনুল হক—নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে জয়ী বাংলাদেশ দলের দুই সদস্য। এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী তাঁরা।
কী আছে ক্যাম্পাসে
নাটোর শহর থেকে ১৭ কিলোমিটার দক্ষিণে কাদিরাবাদ সেনানিবাসের উত্তর পাশে অবস্থিত এই ক্যাম্পাস। এখানে প্যানোরমা ও নেক্সাস নামে দুটি বহুতল ভবন রয়েছে, যেখানে একাডেমিক কার্যক্রম চলে। ছাত্রদের জন্য তৈরি ছয়তলাবিশিষ্ট হলটির নাম বড়াল। ছাত্রী হলের নাম বনলতা। এ ছাড়া আছে মসজিদ, খেলার মাঠ, ব্যায়ামাগার। বাউয়েট ক্যাফেটেরিয়ায় সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় স্বাস্থ্যকর খাবার। নিজস্ব ক্যাম্পাসে প্রশিক্ষিত নার্স এবং ফার্স্টএইড সুবিধাসহ একটি মেডিকেল সেন্টার রয়েছে। স্থানীয় মজুমদার ক্লিনিকের সঙ্গে সমঝোতা স্মারক আছে মেডিকেল সেন্টারের। ক্যাম্পাসের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীসহ সবাই এখানে বিনা মূল্যে চিকিৎসা নিতে পারেন।
ক্যাম্পাসে একবেলা
১০ জানুয়ারি বাউয়েট ক্যাম্পাসে পা রাখতেই স্বাগত জানাল গাঁদা ফুলের সারি। সঙ্গে আরও ২৯ রকমের ফুল। কোনোটা ফুটেছে, কোনোটা ফোটার অপেক্ষায়। এর মধ্যে চোখে পড়ল অভিভাবক অপেক্ষাগার। শিক্ষার্থীরা এখানেই অভিভাবকদের সঙ্গে দেখা করেন। সামনে পুকুর। এর পূর্ব পাশে ফ্যাকাল্টি অ্যান্ড অফিসার পয়েন্ট। স্থায়ী একটা মঞ্চ আছে। সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এখানেই হয়। পূর্ব পাশের চত্বরে দাপিয়ে বেড়াচ্ছে কতগুলো রাজহাঁস। ওয়াই আকৃতির দুটি শিক্ষা ভবনের মাঝখানে আছে একটি দৃষ্টিনন্দন ফোয়ারা। সবকিছু গোছানো।
ভবনে ভবনে আছে ৪০–এর বেশি সুসজ্জিত ল্যাব। ঘুরে দেখা হলো তার কয়েকটি। দেখা হলো তমালতলা কৃষি ও কারিগরি কলেজের উপাধ্যক্ষ বাবুল আক্তারের সঙ্গে। তাঁর ছেলে এখানে কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশলের ছাত্র। ছেলে বাউয়েটে পড়ছে বলে বেশ খুশি তিনি।
ক্যাম্পাস ঘুরে দেখাচ্ছিলেন বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা ও ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক হামিদুর রহমান। গবেষণাগারের ভারী পরিবেশ থেকে কিছুটা হালকা করার জন্য তিনি নিয়ে গেলেন প্যানোরমা ভবনের সাততলার বারান্দায়। বললেন, ‘আমাদের একটা সাজেক আছে।’ বলে পশ্চিম দিকে ইশারা করলেন। সত্যিই নিচে তাকিয়ে মনে হলো, এ এক নিবিড় বনাঞ্চল। অন্য রকম সাজেক।
এরপর শহীদ মিনার, খেলার মাঠ ঘুরে আসতেই বেলা পড়ে এল। যে শিক্ষার্থীরা এতক্ষণ নির্ধারিত ইউনিফর্মে ছিলেন, তাঁরা এবার ইউনিফর্ম ছেড়ে ক্যাফেটেরিয়ায় পা বাড়ালেন। দুই ছাত্রীর সঙ্গে দেখা হলো। তাঁদের পরনে শাড়ি। বললেন, ক্যাফেটেরিয়ায় তাঁদের একটি অনুষ্ঠান আছে। বোঝা গেল, পড়ালেখার বাইরেও সেনাবাহিনী পরিচালিত এই ক্যাম্পাসে আছে জ্ঞানচর্চার নানা আয়োজন।
ক্যাফের পেছনেই কাদিরাবাদ ক্যান্টনমেন্ট লেক। লেক পেরিয়ে ক্যান্টনমেন্টে যাওয়ার জন্য আছে চমৎকার একটি সেতু। দুপুরের পর সেদিকে যেতেই চোখে পড়ল লেকের পাড়ের ছাতাওয়ালা ছাউনিগুলোতে শিক্ষার্থীদের জমজমাট আড্ডা।
ক্লাবগুলোর পরিবেশ দেখার জন্য আমরা ঢুঁ মারি কালচারাল ক্লাবে। ধ্রুব ও গৌরব নামে দুই শিক্ষার্থী গাইছিলেন ‘নিটোল পায়ে রিনিক ঝিনিক পায়েলখানি বাজে।’ তাঁদের সঙ্গে ড্রামস বাজাচ্ছিলেন মিতুল। কি–বোর্ডে গৌরব। ধ্রুব ও লাবিবের হাতে গিটার। এ আয়োজন তত্ত্বাবধান করছিলেন ক্লাবের সভাপতি, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আল আমিন।
শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের জন্য বাউয়েটে ১৪টি ক্লাব আছে—বিএনসিসি, ওয়েলফেয়ার ক্লাব, ডিবেটিং ক্লাব, কালচারাল ক্লাব, ক্যারিয়ার ক্লাব, নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লাব, কম্পিউটার সোসাইটি, অটোমেশন অ্যান্ড রোবটিকস ক্লাব, আইসিটি ক্লাব, বিজনেস ক্লাব, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ক্লাব, গেমস স্পোর্টস অ্যান্ড জিমনেসিয়াম ক্লাব, ফটোগ্রাফি অ্যান্ড মিডিয়া ক্লাব এবং প্রথম আলো বন্ধুসভা।
বাউয়েট বদলে দিয়েছে অজ গ্রাম
পাশাপাশি দুই গ্রাম—বিলপাড়া আর কাজিরদিয়াড়। দুই গ্রাম যেন দুই দেশ। বিলপাড়ায় বাউয়েট ক্যাম্পাস, আর কাজিরদিয়াড়ে সব গেরস্থবাড়ি। বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে বিলপাড়া বদলে গেছে। উঠেছে সুরম্য দালান। শিক্ষার্থী-শিক্ষক-গবেষকদের পদচারণে মুখরিত পরিবেশ। গেরস্থবাড়ির লোকেরাও বসে নেই। বাড়ির বেড়া কেটে গৃহিণীরা দোকান দিয়ে বসেছেন। সাইনবোর্ড নেই। তবে শিক্ষার্থীদের মুখে মুখে নাম হয়ে গেছে ‘ভাবির দোকান’। ‘ক্যাশবাক্স’ নিয়ে বসে ছিলেন রওশন আরা খাতুন। রওশন আরার স্বামী আকরাম হোসেনের কথা শুনে অবাক হতে হলো। বলছিলেন, ‘গাড়ি চাপা পড়ার ভয়ে একসময় এই গ্রামের মানুষ পাকা রাস্তা চায়নি, গাছ কাটতে দেয়নি, বিদ্যুৎ নেয়নি। এখন পাকা রাস্তা আছে। বাড়ির উঠান পেরোলেই বিশ্ববিদ্যালয়। সারা দেশের মানুষ আসছে হরদম।’ বিশ্ববিদ্যালয়ের সুবাদে একটি বিদ্যুৎ উপকেন্দ্র হওয়ায় গ্রামে ২৪ ঘণ্টা বিদ্যুৎ থাকে। আর বাড়িতে বাড়িতে যেন চান্দের বাজার লেগেছে। বাড়ির বউয়েরা ব্যবসা শিখে নিয়েছেন। রওশন আরা বললেন, ‘ভোরের আজানের সময় উঠি। রান্না করে ক্যাশে বসে যাই। রাত ১০টা পর্যন্ত চলে। বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা কম খরচে বাড়ির রান্নার স্বাদ পায়। শাক, মাছভর্তা, বেগুনভাজা, ডিম দিয়ে ৩৫-৪০ টাকায় ছেলেমেয়েরা খেতে পারে। আর ৫০-৫৫ টাকায় মুরগির মাংস দিই।’
হোটেলে বসে খাচ্ছিলেন পুরকৌশলের শেষ বর্ষের শিক্ষার্থী রাশেদুল আলম। বললেন, ‘খাবার ভালো। ৪৫ টাকায় দুপুরের খাওয়া হয়ে গেল।’ পাশের ভাবির দোকানে ভিড় অনেক। ভিড় যিনি সামলাচ্ছিলেন, তাঁর নাম রুমানা আক্তার।
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলছিলেন, করোনায় ক্যাম্পাস বন্ধের সময় তাঁরা ক্যাম্পাসেই ছিলেন। সে সময় বিধিনিষেধের মধ্যে খাবার দিয়ে সহযোগিতা করেছে এই হোটেলগুলোই। অন্যদিকে একটি হোটেলের মালিক নজরুল ইসলামের বক্তব্য, ‘যা দেখছেন সব বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে। বিশ্ববিদ্যালয় নেই তো আমরা আবার সেই গরিব কৃষক।’
বড়াল একটি হলের নাম
পদ্মা নদীর একটি শাখা হচ্ছে বড়াল নদ। এটি বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে গেছে। এই নদের নামানুসারেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছেলেদের আটতলা হলের নামকরণ করা হয়েছে। হলে ঢুকতেই চোখে পড়ল বেশ কয়েকটি সুদৃশ্য দেয়াল পত্রিকা। সেখানে কবিতাও রয়েছে। চোখ আটকে গেল পুরকৌশলে শিক্ষার্থী তাসনীম আহমেদের ‘যাত্রী’ নামের একটি কবিতার দিকে। কবিতাটির শেষে কটি চরণ এমন—‘আঁধার যদি নেমে আসে পথ পাবি না খুঁজে, থাকতে আলো পার হয়ে যা, থাকিস না চোখ বুজে।’
কম সময়েই সুনাম অর্জন করেছে
ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল, উপাচার্য, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি
ইতিহাসের রানি ভবানী, রসনার কাঁচাগোল্লা, ভূগোলের চলনবিল আর সাহিত্যের পাতা থেকে উঠে আসা বনলতার জেলার নাম নাটোর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘আমার গ্রাম আমার শহর’ মেগা প্রকল্পের অংশ হিসেবে এখানে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা এবং প্রতিষ্ঠাকালীন উপাচার্যসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টায় বাউয়েট খুব অল্প সময়ের মধ্যেই সুনাম অর্জন করেছে।
এখন এখানে মোট আটটি বিষয়ে পড়ানো হচ্ছে—পুরকৌশল, কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল, তথ্য ও যোগাযোগ প্রকৌশল, যন্ত্রকৌশল, বিবিএ, ইংরেজি ও এলএলবি। ঠিক এই মুহূর্তে যে শিক্ষার্থী ভর্তি হবে, সে একদম প্রথম দিন থেকেই দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর সাহচর্য পাবে, প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা পাবে। হল থেকে ক্যাম্পাসের ক্লাসরুম হয়ে ল্যাব—প্রতিটি জায়গায় তার জন্য উন্নত ও আধুনিক সরঞ্জাম প্রস্তুত। আমাদের আছে সুপরিসর লাইব্রেরিসহ ই-লাইব্রেরি সুবিধা। খুব কম সময়েই বাউয়েটের অর্জনের ঝুলিতে জমা হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অনেকগুলো উল্লেখযোগ্য অর্জন। আমাদের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রতিযোগিতায় সম্মানজনক পুরস্কার নিয়ে আসছে। বিশেষত আইসিটি মন্ত্রণালয় আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সাফল্য উল্লেখ করার মতো। এ ছাড়া যে শিক্ষার্থীরা শিক্ষাজীবন শেষ করে বের হয়ে গেছে, তাদের প্রায় সবাই সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সম্মানজনক জায়গা করে নিতে পেরেছে।