প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে নবীনবরণ
গত ২৩ মার্চ অনুষ্ঠিত হলো প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ। ঢাকার এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের কনফারেন্স হলে নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা মেজর জেনারেল কাজী আশফাক আহমেদ (অব.), প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক আবুল লাইস এম এস হক, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. হাবীবুল্লাহ, ব্যবসায় শিক্ষা বিভাগের চেয়ারম্যান মো. মুজাক্কেরুল হুদা এবং পুরকৌশল বিভাগের চেয়ারম্যান মো. সুলতানুল ইসলাম।
নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে তাহসিনা তাসনিম এবং শেষ বর্ষের শিক্ষার্থীদের মধ্য থেকে বিবিএর ছাত্র কৌশিক হাসান ও ইংরেজি বিভাগের নাজিফা তাবাসসুম অভিজ্ঞতা তুলে ধরেন। এর আগে ২২ মার্চ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কালচারাল ক্লাব বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামবিষয়ক একটি আন্তকলেজ কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিল। প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয় এই নবীনবরণ অনুষ্ঠানে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে গত ১৬ ডিসেম্বর আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মোহাম্মদ মুনিরুজ্জামান। তাঁর সমাপনী বক্তৃতার মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন।