ফেরি দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের উদ্ভাবন পেল পুরস্কার
সারা বিশ্বেই নদীপথের বাহন হিসেবে ফেরি ব্যবহারের প্রচলন আছে। বিশ্বের বড় বড় নদীতে একদিকে ফেরি চলাচল করছে, অন্যদিকে ফেরি দুর্ঘটনার খবর কানে আসছে প্রায়ই। আমাদের দেশেও এমন দুর্ঘটনা ঘটছে নিয়মিত বিরতিতে। কীভাবে ফেরি চলাচলকে নিরাপদ করা যায়, তা নিয়ে প্রতিবছর একটি প্রতিযোগিতা আয়োজন করে আন্তর্জাতিক অলাভজনক সংস্থা—ওয়ার্ল্ডওয়াইড ফেরি সেফটি অ্যাসোসিয়েশন। ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ডিজাইন কমপিটিশন ফর আ সেফ অ্যান্ড অ্যাফোর্ডেবল ফেরি’ শিরোনামের এই প্রতিযোগিতায় এ বছর তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের শিক্ষার্থীদের একটি দল। দলে ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রৌনক সাহা, পরমা রায় চৌধুরী, মোহাম্মদ আবরার উদ্দিন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের মো. শরিফুল ইসলাম।
প্রায় সাত মাসের অক্লান্ত পরিশ্রমে এই ফেরির নকশা তৈরি করেন শিক্ষার্থীরা। এ জন্য শুরুতেই বাংলাদেশের ফেরিব্যবস্থার দুর্বলতা ও সংকট অনুসন্ধান করতে হয়েছে। ফেরিতে চড়ার ক্ষেত্রে নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নকশা প্রণয়ন করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের এই দলের নাম টউকান। টউকানের দলনেতা বুয়েটের নেভাল আর্কিটেকচার ও মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রৌনক সাহা বলেন, ‘এবারের আয়োজনে ব্রাজিলের আমাজন নদীর মানাস বন্দর থেকে টেফে বন্দর পর্যন্ত ৩০০ যাত্রী বহনের উপযোগী রোপ্যাক্স ফেরির নকশা তৈরির চ্যালেঞ্জ দেওয়া হয়। এই ফেরিকে নানা ধরনের গাড়ি, কৃষিপণ্যসহ ২০ ঘণ্টার পথ অতিক্রম করতে হবে। আমরা স্টিল ও অ্যালুমিনিয়ামের মাধ্যমে ওজন কমিয়ে একটি ফেরির নকশা করেছি। লাইডার কৌশলের মাধ্যমে নদীর চোরাবালি শনাক্তের চেষ্টা ছিল আমাদের। আমরা এই ফেরিকে কীভাবে পরিবেশবান্ধব জ্বালানির মাধ্যমে চালানো যায়, তার একটি কর্মকৌশল ডিজাইন করেছি। ভবিষ্যতে ব্রাজিলে হাইড্রোডিজেল প্রচলিত হয়ে যাওয়ার পর যেন এই ফেরি হাইড্রোডিজেল নামের জ্বালানির মাধ্যমে চালানো যায়, আমরা সেই ব্যবস্থাও রেখেছি। হাইড্রোডিজেল ব্যবহারের ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাবের মাত্রা অনেকাংশে কমে আসবে।’
ওয়ার্ল্ডওয়াইড ফেরি সেফটি অ্যাসোসিয়েশন অষ্টমবারের মতো এই প্রতিযোগিতা আয়োজন করল। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফেরির নকশা করার এই প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় প্রথম হয় জার্মানির হশ্যুলে ব্রেমেন, সিটি ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস; দ্বিতীয় হয়েছে ইন্দোনেশিয়ার আইটিএস সুরাবায়া। বুয়েটের আরেক শিক্ষার্থী পরমা রায় চৌধুরী বলেন, ‘ব্রাজিলে ফেরি দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত যাত্রী বহন। আগে অনেকবার দুর্ঘটনা ঘটেছে। আমাদের নকশায় সহজে কার্গো পরিবহনের জন্য ফ্ল্যাট র্যাক ও ট্রলি রাখা হয়েছে। আমাদের চেষ্টা ছিল কীভাবে সোলার প্যানেল, বৃষ্টির পানি সংরক্ষণের মতো বিষয়গুলোকে ফেরিতে যুক্ত করা যায়।’ দলের আরেক সদস্য আবরার উদ্দিন যোগ করলেন, ‘ডিজাইনের প্রতিটি ক্ষেত্রে আমরা হুইলচেয়ার ব্যবহারকারী কিংবা বৃদ্ধ ও শিশুরা যেন সহজে প্রবেশ করতে পারেন, তা মাথায় রেখেছি।’
শিক্ষার্থীদের নকশায় শিশুদের জন্য বিশেষ যত্ন নেওয়ার আলাদা কক্ষ, মেডিকেল কেয়ার রুম, প্ল্যাটফর্ম লিফট আছে। এ ছাড়া করোনা মহামারিকে গুরুত্ব দিয়ে যাত্রীদের আসনব্যবস্থায় বিশেষভাবে পিভিসি পার্টিশন ব্যবহার করেন শিক্ষার্থীরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের মো. শরিফুল ইসলাম বলেন, ‘আমাদের নকশায় প্রয়োজনমাফিক এক্সিট ডোর ও র্যাফট আছে। জলদস্যুদের হাত থেকে বাঁচতে জলকামান, স্টেয়ারকেস লকিং সিস্টেমের মাধ্যমে আমরা ফেরিকে নিরাপদ রাখার চেষ্টা করেছি।’
বাংলাদেশের শিক্ষার্থীদের পরামর্শক হিসেবে ছিলেন বুয়েটের সহযোগী অধ্যাপক জোবায়ের ইবনে আউয়াল ও নিউক্যাসেল ইউনিভার্সিটি, সিঙ্গাপুর ক্যাম্পাসের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবদুল হান্নান।