বিশেষায়িত স্নাতক প্রোগ্রামের জন্য ৩ কোটি ৮ লাখ অনুদান পেল আইইউবি
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) এক বাংলাদেশি শিল্পপতি দম্পতির কাছ থেকে ৩ কোটি ৮ লাখ অনুদান পেয়েছে। মনীষা অ্যান্ড মাহমুদুল হক এনডাওমেন্ট ট্রাস্ট ফেলোশিপের মাধ্যমে আইইউবি এই টাকা পেয়েছে। মাহমুদুল হক ও মনীষা আনোয়ার হক দম্পতি বাংলাদেশের সুপরিচিত শিল্পোদ্যোক্তা। এ ট্রাস্টের মাধ্যমে তাঁরা বিভিন্ন কমিউনিটি প্রতিষ্ঠানকে সহযোগিতা করে থাকেন।
সমঝোতা চুক্তি অনুসারে আইইউবির স্পেশালাইজড আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের আওতায় প্রতিবছর নতুন ভর্তি করা শিক্ষার্থীদের মধ্য থেকে ফুল স্কলারশিপ দেওয়ার লক্ষ্যে কিছু শিক্ষার্থী বাছাই করা হবে, যা স্প্রিং ২০২২ সেমিস্টার থেকে কার্যকর হবে।
প্রতিবছর একজন ছাত্র ও একজন ছাত্রী ‘মনীষা অ্যান্ড মাহমুদুল হক এনডাওমেন্ট ট্রাস্ট ফেলোশিপ’ অ্যাওয়ার্ডের আওতায় সম্পূর্ণ বিনা খরচে আইইউবিতে পড়ার সুযোগ পাবেন।
আইইউবির উপাচার্য তানভীর হাসান পিএইচডি তাঁদের সম্মানে সম্প্রতি বসুন্ধরা আবাসিক এলাকায় আইইউবি ক্যাম্পাসে একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।আইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এ মতিন চৌধুরী, ট্রাস্টি রাশেদ চৌধুরী, সিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তৌহিদ সামাদ, সহ-উপাচার্য নিয়াজ আহমেদ খান অনুষ্ঠানে বক্তব্য দেন। এ সময় আইইউবি ট্রাস্টি বোর্ডের অন্য সদস্য ও ৫ স্কুলের ডিন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি