বুয়েটের নানা আয়োজনে চেনা মুখ জেভিয়ার
গানের আবহেই বড় হয়েছেন জেভিয়ার হেবল ডি ক্রুজ। সেই সূত্রেই নামী শিল্পীদের গানের সঙ্গে পরিচয়। চার্চে গানের দলকে উপাসনাগীত গাইতে দেখতেন। এসব দেখতে দেখতেই মূলত গানের প্রতি আগ্রহ। পরিবারের সহায়তা আর অনুপ্রেরণা তো ছিলই। বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যাওয়া থেকে শুরু করে বাদ্যযন্ত্র কিনে দেওয়া—সব রকম সহায়তা করেছেন মা-বাবা।
বাবার অনেক পুরোনো একটা ভারতীয় বেহালা দিয়েই মূলত হাতেখড়ি। একসময় ক্ল্যাসিক্যাল মিউজিক একাডেমি অব ঢাকা নামের একটি প্রতিষ্ঠানে বেহালা শেখা শুরু করেন। ২০১১ থেকে ২০১৫—প্রায় ৫ বছর সংগীতের একনিষ্ঠ ছাত্র ছিলেন তিনি। শিল্পকলা একাডেমি থেকে শুরু করে বিশ্বসাহিত্য কেন্দ্র পর্যন্ত নানা জায়গায় পারফর্ম করার সুযোগ পেয়েছেন তখন।
২০১৭ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগে ভর্তি হওয়ার পর তাঁর সীমানা আরও বড় হলো। বুয়েটের সাংস্কৃতিক সংগঠন মূর্ছনার সঙ্গে যুক্ত হওয়ার পর তাঁর মতোই সংস্কৃতিপ্রেমী আরও একদল মানুষের সঙ্গে সখ্য হয়ে গেল। বিভাগীয় বা ক্লাবপর্যায়ের অনুষ্ঠান, বিজয় দিবস, পয়লা বৈশাখসহ ক্যাম্পাসের নানা আয়োজনে নিয়মিত অংশ নেন জেভিয়ার। ক্লাবের অন্যান্য সদস্যের সঙ্গে এক হয়ে ২০১৮ সালে ভারতের ওপি জিন্দাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘বিশ্বমিল’-এও অংশ নিয়েছেন তিনি।
চতুর্থ বর্ষে পড়ুয়া এই হবু প্রকৌশলী বলছিলেন, ‘মিউজিকের শখ আমার সব সময়ই ছিল। বিভিন্ন ঘরানার গান থেকে শুরু করে গেম, চলচ্চিত্র বা ওয়েব সিরিজের সাউন্ডট্র্যাক শুনে বাজানোর চেষ্টা করি। আপাতত পড়াশোনার পাশাপাশি এই চর্চা চালিয়ে যাচ্ছি। ইচ্ছে আছে, ভবিষ্যতে আরও শিল্পীদের সঙ্গে এক হয়ে ভিন্নধর্মী কোনো কভার করব। অরিজিনাল কম্পোজিশনও করতে পারি।’ বেহালার পাশাপাশি কি-বোর্ড আর গিটারের প্রাথমিক শিক্ষাটাও রপ্ত করে নিয়েছেন তিনি।