ব্যবহারিক ও গবেষণা গুরুত্ব পায় মানারাতের ফার্মেসি বিভাগে
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফার্মেসি বিভাগ চালু হয় ২০০৪ সালে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গত ১৬ বছরে ৩২টি ব্যাচে মোট ৯৫৮ শিক্ষার্থী এ বিভাগ থেকে স্নাতক করেছেন। পাস করা শিক্ষার্থীদের অনেকেই দেশের বিভিন্ন ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানে কর্মরত আছেন। এ ছাড়া ভিনদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিচ্ছেন কেউ কেউ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নজরুল ইসলাম ফার্মেসি বিভাগ সম্পর্কে বলেন, এখানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও ফার্মেসি কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী ব্যবহারিক ও তত্ত্বীয় ক্লাস পরিচালনা করা হয়। শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান সমৃদ্ধ করার জন্য এ বিভাগে আধুনিক ও উন্নত সুযোগ-সুবিধাসংবলিত আটটি ল্যাব রয়েছে। প্রতি সেমিস্টারে ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট করা হয়।
বিভাগের প্রধান ড. নারগীস সুলতানা চৌধুরী জানান, মানারাতের ফার্মেসি বিভাগে স্নাতক পর্যায়ে ফাইটোকেমিক্যাল, ফার্মাকোলজিক্যাল ও ফার্মাসিউটিক্যাল প্রযুক্তির ওপর গবেষণার সুযোগ আছে। এ ছাড়া বিভাগের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে গবেষণামূলক সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়। ছাত্রছাত্রীদের গবেষণামূলক কাজে উৎসাহ দিতে গত ১৫ ডিসেম্বর থেকে চলছে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণ দিচ্ছেন দেশ-বিদেশের গবেষকেরা। তিনি বলেন, ‘আমাদের বিভাগে বর্তমানে ২০ জন পূর্ণকালীন শিক্ষক আছেন। তাঁদের মধ্যে অন্তত পাঁচজন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় গবেষণায় যুক্ত আছেন। এ ছাড়া অধ্যাপক চৌধুরী মাহমুদ হাসান, মো. মোজাম্মেল হক, এস নজরুল ইসলামের মতো গুণী শিক্ষকেরা আমাদের পাঠক্রম তৈরিতে পরামর্শক হিসেবে কাজ করছেন।’
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র মো. আশরাফুদ্দৌলা ২০১৪ সালে স্নাতক শেষ করে বৃত্তিসহ দক্ষিণ কোরিয়ার চুং-আং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি করেন। বিশ্বের বিভিন্ন নামকরা জার্নালে তাঁর একাধিক প্রবন্ধ ছাপা হয়েছে। আশরাফুদ্দৌলা বলেন, ‘মানারাতের শিক্ষকেরা বিশ্ব মানের পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের উন্নত ক্যারিয়ার গড়তে উৎসাহ দেন। তা ছাড়া এ বিভাগের ব্যবহারিক সুযোগ-সুবিধাও যুগোপযোগী।’
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফার্মেসি বিভাগে চার বছরের স্নাতক করতে সব মিলিয়ে খরচ হবে ৪ লাখ ৭৫ হাজার ১০০ টাকা। তবে বিভিন্ন মাত্রায় টিউশন ফির ওপর ছাড়ের সুযোগ আছে। বিস্তারিত জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে: www.manarat.ac.bd