ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার নির্দেশ ইউজিসির

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)

কুমিল্লায় অবস্থিত ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের সব প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখের সইয়ে এক চিঠিতে গতকাল ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই নির্দেশনা দেওয়া হয়।

ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় সরেজমিন পরিদর্শন রিপোর্টের বরাত দিয়ে চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়টিতে অপ্রতুল শিক্ষকসংখ্যা, যোগ্যতাসম্পন্ন শিক্ষকের অভাব, গবেষণার অনুপস্থিতি, আচার্যের নিয়োগ করা বৈধ কর্তৃপক্ষের অনুপস্থিতি, শিক্ষাসহায়ক ক্যাম্পাসের অনুপস্থিতি, লাইব্রেরিতে প্রয়োজনীয় পাঠ্যবইয়ের অপ্রতুলতা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়টির সব কারিকুলাম মেয়াদোত্তীর্ণ।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল হলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি, শিক্ষাদান, সব পরীক্ষা ও এর ফলাফল অনুমোদনের জন্য দায়িত্বপ্রাপ্ত। উপাচার্য একাধারে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সভাপতি। রাষ্ট্রপতি তথা আচার্য সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দিয়ে থাকেন। আচার্যের নিয়োগ তথা উপাচার্যের অবর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা ও এর ফলাফলের আইনগত কোনো বৈধতা নেই।

আরও পড়ুন

ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৭ সাল থেকে আচার্যের নিয়োগ করা উপাচার্য নেই। এমনকি প্রতিষ্ঠালগ্ন থেকে সহ–উপাচার্য ও কোষাধ্যক্ষ নেই। রাষ্ট্রপতির নিযুক্ত উপাচার্যের অবর্তমানে অন্য কারও সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সভার আইনগত কোনো বৈধতা নেই বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। এসব কারণে ইউজিসির পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের সব প্রোগ্রামে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।