যে বিভাগে ১৭ শিক্ষকের ১৪ জনই নারী
বিভাগের মোট শিক্ষক ১৭ জন। তাঁদের মধ্যে ১৪ জনই নারী। বিশ্ববিদ্যালয়গুলোতে প্রকৌশলের ক্লাসে এখনো যেখানে নারীদের সংখ্যা তুলনামূলক কম, সেখানে ঢাকার ইস্টার্ন ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে (সিএসই) এত নারী শিক্ষক কীভাবে এক হলেন? বেসরকারি বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ কি জেনেবুঝে, হিসাব করেই নারীদের অগ্রাধিকার দিয়েছে? নাকি ব্যাপারটা কাকতাল?
সে কথা পরে শুনব। আগে এই ১৪ শিক্ষকের সঙ্গে পরিচিত হওয়া যাক। অধ্যাপক জাকিয়া বেগম, সহযোগী অধ্যাপক আমেনা ফেরদৌসী ও গুলশান খাতুন, সহকারী অধ্যাপক পারমিতা বসাক ও মৌসুমী বালা এবং প্রভাষক নুসরাত জাহান, তারিনা রহমান, তাসনিয়াহ মহিউদ্দিন, তাজিন তাসনিম, তাবিন তাসনিম, নওশীন তাবাসসুম, তানজিম তামান্না, রাজিয়া সুলতানা ও আমিনা রহমান।
পড়ার গল্প, পড়ানোর গল্প
২৭ ফেব্রুয়ারি ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসের বোর্ডরুমে এক হয়েছিলেন সিএসই বিভাগের নারী শিক্ষকদের প্রায় সবাই। তাঁদের মধ্যে সবচেয়ে প্রবীণ অধ্যাপক জাকিয়া বেগম ২০০৮ সালে ‘অনন্যা শীর্ষ দশ’ সম্মাননা পেয়েছেন। তিনি বলেন, ‘আমি বরিশালের মেয়ে। ঢাকা বিশ্ববিদালয়ে পড়েছি। আমাদের সময়ে এত পড়াশোনা ছিল না। এখনকার মেয়েরা অনেক বেশি জানে। তাদের মেধা ও ইচ্ছাশক্তির জোর অনেক বেশি।’ পড়াশোনা শেষ করে দীর্ঘদিন পরমাণু শক্তি কমিশনে চাকরি করেছেন জাকিয়া বেগম। সেখান থেকে অবসর নেওয়ার পর শিক্ষকতা পেশায় এসেছেন।
‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে ছেলেমেয়েদের গণিত পড়াতাম। নিজেই আমি তখন ছাত্রী। অথচ একদল ছাত্রছাত্রীকে পড়াচ্ছি। মোটেই শখের বশে নয়। তাগিদে। বাড়িতে টাকা পাঠালে তবেই আমার ছোট ভাইবোনের লেখাপড়ার খরচ মিটবে। মা ও ভাইবোনদের কথা মনে হলেই আমার ভেতরের ইচ্ছাশক্তিটা যেন দ্বিগুণ বেড়ে যেত। শুধুই মনে হতো, আমাকে বড় হতে হবে। ভাইবোনদের মানুষ করতে হবে। তবে একজন আদর্শ শিক্ষক হয়ে ওঠার তাগিদই অনুভব করতাম। আমার সে ইচ্ছে পূরণ হয়েছে,’ বলছিলেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক গুলশান খাতুন। জানালেন, মেয়েদের পড়ানোর ব্যাপারে তাঁর পরিবারে আগ্রহ কম ছিল। কিন্তু প্রবল ইচ্ছা আর চেষ্টাই তাঁকে এত দূর এনেছে। সহযোগী অধ্যাপক আমেনা ফেরদৌসী অবশ্য মায়ের সাহায্য পেয়েছেন। তবে তিনিও মনে করেন, নিজের আগ্রহটাও থাকতেই হবে।
তারুণ্যের জয়গান
প্রভাষক হিসেবে যাঁরা আছেন, তাঁদের অধিকাংশই তরুণ। আছেন দুজন যমজ বোনও—তাজিন তাসনিম ও তাবিন তাসনিম। দুজনই পড়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তাজিন বলেন, ‘আমি চেয়েছিলাম ইঞ্জিনিয়ার হতে। স্বপ্নটা পূরণ হয়েছে, তাই আমি খুশি। কিন্তু একটি বিষয় নিয়ে কিছু মানুষের মধ্যে অন্য রকম আচরণ প্রায়ই খেয়াল করি। একজন নারী কাউকে কিছু শেখাচ্ছেন, এটা তারা মেনে নিতেই পারে না।’
তারিনা রহমান অবশ্য শেখানোর মজা পেয়েই শিক্ষকতায় এসেছেন। এই প্রভাষক বলছিলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমি ব্যাচমেটদের পড়াতাম। পড়ানোর সময় যেদিন একটি ছেলে প্রথম বলল, “তুমি যেভাবে পড়াও, আমি খুব ভালোভাবে বুঝতে পারি’, সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম পড়াশোনা শেষে শিক্ষকতাই করব।’
প্রত্যেকেরই আছে আলাদা আলাদা গল্প। তাসনিয়াহ মহিউদ্দিন যেমন মনে করেন, নারীদের ক্ষমতায়নের একটি বড় প্ল্যাটফর্ম হলো শিক্ষকতা, তাই তিনি এ পেশায় এসেছেন। আবার নওশীন তাবাসসুম নিজেকে প্রমাণ করতে শিক্ষকতা পেশা বেছে নিয়েছেন।
তানজীম তামান্না ও রাজিয়া সুলতানা প্রকৌশল নিয়ে পড়েছেন, পড়াচ্ছেন মায়ের আগ্রহে। আরেক প্রভাষক আমিনা রহমানের বক্তব্য, ‘মেয়েদের অবস্থান সংহত করার কাজটা খুব কঠিন। একটি বিষয় বুঝতে পারি, মেয়েরাই মেয়েদের বড় শত্রু। আবার মেয়েরাই মেয়েদের শক্তি।’
কথা হলো ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য সহিদ আকতার হুসাইনের সঙ্গে। তিনি বলেন, ‘সিএসই বিভাগে নারী শিক্ষকদের আধিক্যের বিষয়টি মোটেই পরিকল্পিত বা কাকতালীয় কিছু নয়। এখানে সম্পূর্ণ নিরপেক্ষ পরীক্ষা পদ্ধতির মাধ্যমে শিক্ষক নির্বাচন করা হয়। ছেলেদের তুলনায় মেয়েরা অনেক বেশি নিজেদের কাজের প্রতি মনোযোগী হন। শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে তাঁরা সেই প্রমাণ রাখছেন।’