রাফী-শাফীর মিল আছে, অমিলও আছে

একসঙ্গে জন্ম, দেখতে একই রকম, আবার পড়ছেনও একই বিশ্ববিদ্যালয়ে। অভিজ্ঞতাটা কেমন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাফী ও শাফী
ছবি: সংগৃহীত

স্কুলজীবন থেকেই পিঠাপিঠি রোল থাকত। এটা কি স্রেফ কাকতালীয়, নাকি এর পেছনে কোনো বিজ্ঞান আছে, জানা নেই দুই ভাইয়ের। তা–ই বলে স্কুল-কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়েও যে একই ক্যাম্পাসে পা রাখার সুযোগ পেয়ে যাবেন, ভাবতেও পারেননি রাফী উজ জামান ও শাফী উজ জামান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে পড়ছেন শাফী উজ জামান। আর রাফী উজ জামান পড়ছেন একই বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির শুরুর দিকে সহপাঠীরা চিনতে ভুল করলেও ধীরে ধীরে এখন ব্যাপারটা স্বাভাবিক হয়ে গেছে। সবাই এখন জানেন, ওরা যমজ।

দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হলেও সেটা ঠিকঠাক হয়ে যেতে সময় লাগে না, জানালেন শাফী। বলছিলেন, ‘যমজ বলে আমাদের নিজেদের কখনো বিশেষ কিছু মনে হয়নি। একটি পরিবারে দুই ছেলে থাকলে তাঁরা যেমন ভাই, আমরাও ঠিক তেমন।’

তবে দুই ভাই একই ক্লাসে পড়ার সুবাদে একাডেমিক ক্ষেত্রে বেশ সুবিধা হয়েছে, সে কথাও বললেন। রাফি বলেন, ‘আমি কখনো কোনো কারণে স্কুল বা কলেজে যেতে না পারলে ভাইয়ের কাছ থেকে সহজেই সব জেনে নিতে পারতাম। এই একটা সুবিধা সব সময় পেয়েছি। যদিও ইউনিভার্সিটিতে দুজনের পড়ার বিষয় আলাদা।’

পড়াশোনার বাইরে দুই ভাই সহশিক্ষা কার্যক্রমেও অংশ নেন সুযোগ পেলেই। শাফী যেমন বিতর্ক সংগঠনের সঙ্গে যুক্ত। আর এ ক্ষেত্রে রাফীর পছন্দের ক্ষেত্র পরিবেশ কিংবা জলবায়ু। ক্যাম্পাসে এ–সংক্রান্ত কাজে তাঁকে পাওয়া যায় সব সময়।

চেহারায় যতই মিল থাক, ভবিষ্যৎ ভাবনায় অবশ্য দুজনের বেশ অমিল। শাফী উজ জামান যেমন উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাতে চান দেশের বাইরে। সেটি সম্ভব না হলে শিক্ষা ক্ষেত্র নিয়েই কিছু করবেন বলে ভাবছেন। বড় ভাই রাফী উজ জামান অবশ্য পড়ালেখার জন্য বিদেশে যাওয়ার কথা ভাবছেন না। বরং দেশেই চাকরি করতে চান তিনি।