সার্ক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের বরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্কের অর্থায়নে প্রতিষ্ঠিত নয়াদিল্লির সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় (সার্ক বিশ্ববিদ্যালয় নামে পরিচিত)। সার্কভুক্ত আট দেশের শিক্ষার্থীদের মিলনমেলা এ প্রতিষ্ঠান। প্রতিবছর প্রতিটি দেশই তাদের নবীনদের বরণ করে নেয় নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যে। কিন্তু কোভিড-১৯ দেশ-বিদেশের সব ক্ষেত্রে ক্ষতচিহ্ন এঁকে দিয়েছে। এ কারণে সার্ক বিশ্ববিদ্যালয়েও যে সময়ে নবীনে মুখরিত থাকার কথা, তখন শিক্ষার্থীরা লড়াই করছেন অনলাইন ক্লাসের সঙ্গে। কিন্তু এসবের মধ্যে যেসব বাংলাদেশি শিক্ষার্থী নয়াদিল্লির আকবর ভবনের ক্যাম্পাসে পৌঁছেছেন, তাঁদের বরণ করে নিয়েছেন বাংলাদেশের জ্যেষ্ঠ শিক্ষার্থীরা।

গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় চত্বরে বিভিন্ন আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এ সময় নবাগত ব্যাচ মাস্টার্স ও পিএইচডি (যাঁরা ইতিমধ্যে অনলাইনে এক বছর পার করেছেন), পিএইচডি তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত সিনিয়ররা বলেন, জুনিয়র শিক্ষার্থীদের বরণ করার কথা ছিল গত বছর। এমন এক সময় বরণ করা হচ্ছে, যখন তাঁরাই আসলে সিনিয়র। প্রতিবছর নিজেদের ঐতিহ্যে বাংলাদেশি নবাগতদের বরণের চেষ্টা করা হয়। কিন্তু কোভিড-১৯ সব উচ্ছ্বাস কেড়ে নিয়েছে। দেরিতে হলেও বাংলাদেশ থেকে আসা শিক্ষার্থীদের ছোট পরিসরে করে বরণ করতে পারাটাই সান্ত্বনা।
নবাগত শিক্ষার্থীরা বলেন, গত এক বছর অনলাইন ক্লাসে শিক্ষাজীবনের গুরুত্ব সময় পার করেছেন। ক্যাম্পাসে আসার পর নানাভাবে একাকিত্ব বোধ হচ্ছিল। আজকের ছোট পরিসরে বরণ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশি একে অপরের সঙ্গে পরিচয় ঘটেছে। ধীরে ধীরে অন্যান্য দেশের শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হওয়ার মাধ্যমে নতুন বিশ্ববিদ্যালয়ে মানিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

উল্লেখ্য, সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, সমাজবিজ্ঞান, মাইক্রোবায়োলজি, কম্পিউটার সায়েন্স, আইন, অর্থনীতি ও গণিতে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে যথাক্রমে ৩০ থেকে ৩৫ ও ৬ থেকে ১০ জন বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি হন।