স্কুল বন্ধ থাকার ক্ষতি পুষিয়ে নিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: বাসস

করোনাকালে স্কুল বন্ধ থাকায় শিক্ষার যে ক্ষতি হয়েছে, তা নিরূপণ করে ক্ষতি পুষিয়ে নেওয়ার কার্যকর উদ্যোগ গ্রহণের সুপারিশ করেছেন ওয়েবিনারের বক্তারা। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২১ উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুল এ ওয়েবিনারের আয়েজন করে।

ঘাসফুলের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনজুর উল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে সাংসদ আরমা দত্ত বলেন, দেশের উন্নয়নে একজন মানুষ কেবল নিজেদের কাজের দায়িত্ব থেকে নয়, সামাজিক দায়িত্ববোধ থেকে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করতে হবে। তিনি সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে শিশু অধিকার ও শিশু সুরক্ষায় আরও কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. আবদুল করিম বলেন, শিশুর সুরক্ষায় বিশ্ব এবং রাষ্ট্র সবাইকে একযোগে কাজ করতে হবে। স্কুলে মূলশিক্ষার পাশাপাশি সৃজনশীল শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। দেশে শিশু সুরক্ষা আইন রয়েছে এবং তার যথাযথ বাস্তবায়ন জরুরি বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী আইসিডিডিআরবির মিউকোসাল ইমোনোলজি অ্যান্ড ভ্যাকসিনোলজি ইউনিটের প্রধান ফেরদৌসী কাদরী বলেন, বাংলাদেশে টিকা নেওয়ার পর শিশু ও মাতৃ মৃত্যুহার কমেছে, তবে রোগের প্রকোপ বেড়েছে। প্রযুক্তিগত উপকরণের অভাবে শিশুদের দ্রুত রোগনির্ণয় অনেক ক্ষেত্রে ব্যাহত হচ্ছে বলে তিনি মনে করেন।

ঘাসফুলের প্রধান উপদেষ্টা সাদিয়া আফরোজ চৌধুরী বলেন, করোনায় মানুষের আয় কমেছে, যার প্রভাব পড়ছে শিশুদের ওপর। বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনের পরিচালক নায়লা জামান খান তাঁর বক্তব্যে বলেন, শিশু বিকাশ কেন্দ্রে শিশুদের স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের ৮০ শতাংশ সমস্যা সমাধানে কাজ করছে। এটা পর্যাপ্ত নয়, দরিদ্র জনগোষ্ঠির উন্নয়নে শিশু বিকাশ কেন্দ্রের মাধ্যমে আরও কাজ করতে হবে।

অনুষ্ঠানে শিশুদের পরাণ-ঘাসফুলের শিশুবিষয়ক কার্যক্রমের ওপর ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সাবেক সচিব ও ঘাসফুলের সাধারণ পরিষদ সদস্য মাফরুহা সুলতানা এবং ঘাসফুলের সিইও আফতাবুর রহমান জাফরী, সিনেসিস হেলথ ও স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।