হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ইউনানি চেয়ারে ভারত সরকারের অর্থায়নে অধ্যাপক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক মনোয়ার হোসেন কাজমির যোগদান উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠান।
ছবি: বিজ্ঞপ্তি

ভারত সরকারের আয়ুশ (স্বাস্থ্য) মন্ত্রণালয় তাদের নিজস্ব অর্থায়নে আগামী তিন বছরের জন্য অধ্যাপক মনোয়ার হোসেন কাজমিকে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে ইউনানি চেয়ার হিসেবে পাঠিয়েছে। দুই দেশের মধ্যে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নীতিমালা অনুসরণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও ভারতের আয়ুশ (স্বাস্থ্য) মন্ত্রণালয়ের কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির মাধ্যমেই ভারত সরকার একজন ইউনানিবিষয়ক গবেষক ও অধ্যাপককে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে পাঠিয়েছে। ভারতের আয়ুশ (স্বাস্থ্য) মন্ত্রণালয় ওই অধ্যাপকের বেতন-ভাতা ও যাতায়াতসহ যাবতীয় খরচ বহন করবে। হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ শুধু আবাসন ও চিকিত্সাসেবা নিশ্চিত করবে।

আয়ুশ মন্ত্রণালয়ের অনুমোদনে অধ্যাপক মনোয়ার হোসেন কাজমি ‘ইউনানি চেয়ার’ হিসেবে গত ৩১ মার্চ হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে যোগ দিয়েছেন। অধ্যাপক মনোয়ার বিশ্ববিদ্যালয়ে ইউনানি মেডিসিন বিষয়ে ক্লাস নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের স্পট ডায়াগনসিস শেখাবেন। এ ছাড়া এখন থেকে ভারতীয় হাইকমিশনারের উপস্থিতিতে প্রতি বছর ২১ মে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ক্যাম্পাসে ইয়োগা ডে উদ্‌যাপিত হবে।

২০১২ সালের ১৪ মার্চ হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। অধ্যাপক মনোয়ার হোসেন কাজমির যোগদান উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের প্রধান কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। অনুষ্ঠানে হামদর্দ বাংলাদেশের মোতাওয়াল্লি ও উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ভিসি আবুল খায়েরসহ পরিচালকেরা উপস্থিত ছিলেন।