৬ শর্তে মেডিকেলে তৃতীয় ও চতুর্থ বর্ষের ক্লাস সশরীর শুরু ৬ নভেম্বর
মেডিকেল কলেজের তৃতীয় ও চতুর্থ বর্ষের ক্লাস সশরীর ৬ নভেম্বর থেকে শুরু হবে। এ জন্য কয়েকটি শর্ত মানতে হবে। আজ বুধবার (৩ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত বিষয় ও সূত্রের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের প্রস্তাব ও কোভিড-১৯–সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির মতামতের ভিত্তিতে মেডিকেল কলেজগুলোর তৃতীয়, চতুর্থ বর্ষসহ অন্যান্য চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবশিষ্ট সব বর্ষের ক্লাস ৬ নভেম্বর (শনিবার) থেকে সশরীর শুরুর জন্য নির্দেশক্রমে অনুমতি প্রদান করা হলো।
সশরীর ক্লাস শুরুর ক্ষেত্রে নিম্নোক্ত নির্দেশনাগুলো প্রতিপালন করতে হবে—
১.
কোভিড-১৯–এর দুই ডোজ টিকাপ্রাপ্ত শিক্ষার্থীরা সশরীর ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন।
২.
ক্লাস শুরুর আগে সব শিক্ষার্থীকে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ওপর প্রশিক্ষণ প্রদান করতে হবে।
৩.
শতভাগ সঠিকভাবে মাস্ক পরা, সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
৪.
হাসপাতালের ওয়ার্ডে ক্লাস চলার সময়ে শিক্ষার্থীদের সঠিকভাবে সুরক্ষাসামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে।
৫.
শিক্ষার্থীদের সংক্রমণের ওপর নজরদারি রাখতে হবে এবং
৬.
সংক্রমিত ছাত্র/ছাত্রীদের চিকিৎসা/আইসোলেশন এবং তাঁদের সংস্পর্শে আসা শিক্ষার্থীদের ১৪ দিন কোয়ারেন্টিনের
ব্যবস্থা করতে হবে।