চট্টগ্রামে এসএসসিতে পাসের হার ৮৭.৫৩
এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৫৩। জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৬৬৪ জন।
আজ সোমবার বেলা দেড়টার দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে এসব তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।
বোর্ডের তথ্য অনুযায়ী, পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৪৮ হাজার ৫৪০ শিক্ষার্থী। পাস করেছে ১ লাখ ৩০ হাজার ১৩ পরীক্ষার্থী। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৫৯ হাজার ৩৯৯ জন। ছাত্রী ৭০ হাজার ৬১৪ জন।
বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৬ দশমিক ৮১। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৯১ দশমিক ৩০। মানবিক বিভাগে পাসের হার ৭৮ দশমিক ৮২। নারায়ণ চন্দ্র নাথ জানান, বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৮৮৯ ছাত্র ও ৭ হাজার ৭৭৫ ছাত্রী।
বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭৩৫ ছাত্র ও ৭ হাজার ৭৯০ ছাত্রী। মানবিকে জিপিএ-৫ পেয়েছে ৬৩ ছাত্র, ৪১৩ ছাত্রী। এ ছাড়া ব্যবসায় শিক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৯৭৭ ছাত্র ও ২ হাজার ৬৮৬ ছাত্রী।
নারায়ণ চন্দ্র নাথ জানান, এ বছর ২১৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ হাজার ৯২টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এবার শতভাগ পরীক্ষার্থী পাস করেছে—এমন বিদ্যালয়ের সংখ্যা ৭১। এক বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ১৯৪।
গত ১৫ সেপ্টেম্বর এসএসসি/সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। করোনা পরিস্থিতি ও বন্যার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর এ পরীক্ষা হয়।