এসএসসি পরীক্ষা ২০২৬ পদার্থবিজ্ঞান: সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ৭টি

পদার্থবিজ্ঞান: সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন

প্রশ্ন: মৌলিক রাশি ও লব্ধ রাশির পার্থক্য ব্যাখ্যা করো।
উত্তর: 
যেসব রাশি স্বাধীন বা নিরপেক্ষ এবং যেগুলো অন্য রাশির ওপর নির্ভর করে না; বরং অন্যান্য রাশি এদের ওপর নির্ভর করে, তাদের মৌলিক রাশি বলে। অপর দিকে যেসব রাশি মৌলিক রাশির ওপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায়, তাদের লব্ধ রাশি বলে। মৌলিক রাশি মাত্র সাতটি, যেখানে লব্ধ রাশির সংখ্যা অগণিত। মৌলিক রাশির মাত্রা প্রকাশে একটিমাত্র চিহ্ন ব্যবহার করা হয়, অপর দিকে লব্ধ রাশির মাত্রা প্রকাশে একাধিক চিহ্নের ব্যবহার প্রয়োজন হয়।

প্রশ্ন: ‘লব্ধ রাশি বলতে কী বোঝো’—ব্যাখ্যা করো।
উত্তর: 
যেসব রাশি মৌলিক রাশির ওপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায়, তাদের লব্ধ রাশি বলে। ত্বরণ রাশিটি দূরত্ব ও সময় এই দুটি মৌলিক একক থেকে লাভ করা যায়। তাই ত্বরণ একটি লব্ধ রাশি।

প্রশ্ন: এককের গুণিতক ও উপগুণিতক কেন ব্যবহার করা হয়—ব্যাখ্যা করো।
উত্তর: 
পদার্থবিজ্ঞানের বহুসংখ্যক শূন্যযুক্ত মানগুলো সাধারণভাবে লেখার সময় আমাদের সাবধান থাকতে হবে প্রতি ক্ষেত্রে শূন্যের সংখ্যা ঠিকমতো উল্লেখ করা হয়েছে কি না। কিন্তু এই সংখ্যাটিকেই যদি আমরা এককের উপসর্গ ব্যবহার করে লিখি, তাহলে অনেক সুবিধাজনক, সংক্ষিপ্ত ও নির্ভুলভাবে লেখা সম্ভব হয়।

যেমন: 0.00001m রাশিটিকে লেখা যেতে পারে 10um।

প্রশ্ন: একই রাশির একাধিকবার পরিমাপকৃত মানে অসামঞ্জস্যতা এড়াতে কী করতে হবে?
উত্তর: 
কোনো একটি ধ্রুব রাশি কয়েকবার পরিমাপ করলে যে ত্রুটির কারণে পরিমাপকৃত মানে অসামঞ্জস্যতা দেখা দেয়, তা হলো দৈব ত্রুটি। সুতরাং দৈব ত্রুটিকে কমিয়ে আনতে হলে তথা একাধিকবার পরিমাপকৃত মানে অসামঞ্জস্যতা এড়াতে পরিমাপটি বারবার নিয়ে এদের গড় নিতে হয়।

প্রশ্ন: মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা উল্লেখ করো।

উত্তর: পদার্থবিজ্ঞানে মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা অপরিসীম। যেসব কারণে মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা রয়েছে নিচে তা উল্লেখ করা হলো:

১. যেকোনো ভৌত রাশির একক নির্ণয় করা যায়।

২. একককে এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে রূপান্তর করা যায়।

৩. বিভিন্ন রাশির সমীকরণ গঠন করা যায়।

৪. যেকোনো ভৌত রাশির সমীকরণের নির্ভুলতা বা সতর্কতা যাচাই করা যায়।

৫. কোনো ভৌত সমস্যা সমাধান করা যায়।

  • এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক
    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা