জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, প্রতি আসনে প্রার্থী ১০৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে
ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সমাজবিজ্ঞান ও আইন অনুষদভুক্ত বি ইউনিটের প্রথম পালার (শিফট) ভর্তি পরীক্ষা আজ সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে। এরপর দ্বিতীয় পালার পরীক্ষা শুরু হয় সকাল ১০টা ২৫ মিনিটে, যা শেষ হয় বেলা ১১টা ২৫ মিনিটে। তৃতীয় ও চতুর্থ পালার পরীক্ষা শেষ হবে বেলা ২টা ৫০ মিনিটে।

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটি সূত্র জানা যায়, সমাজবিজ্ঞান ও আইন অনুষদভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩৮৬ আসনের বিপরীতে আবেদন করেছেন ৪১ হাজার ৪৬৯ জন শিক্ষার্থী। এই হিসাবে বি ইউনিটে প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০৮ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।

বি ইউনিটের ভর্তি পরীক্ষার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকেরা সকাল সাড়ে ৮টা থেকেই নির্ধারিত কেন্দ্রের সামনে আসতে শুরু করেন। পরে সকাল পৌনে ৯টায় পরীক্ষাকেন্দ্র খুলে দেওয়া হয়। কেন্দ্রে ঢোকার সময় পরীক্ষার্থীদের মুঠোফোন, ক্যালকুলেটরসহ মেমোরিযুক্ত অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে যেতে দেওয়া হয়নি।

সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ ও স্কুল–কলেজ কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য নূরুল আলম। কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, ‘সুষ্ঠুভাবেই পরীক্ষা চলছে। প্রতিবার শিফট–বৈষম্যের যে কথা ওঠে, সেটা এবার কমিয়ে এনেছি। শিফট–বৈষম্য রোধে ধাপে ধাপে কাজ চালিয়ে যাচ্ছি।

এবারের পরীক্ষায় ছেলে-মেয়ে আলাদা শিফট করেছি। মেয়েদের নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের পরীক্ষা সকালে দিয়েছি। প্রতিবার ভর্তি পরীক্ষার সময় ক্যাম্পাসের মধ্যে যানজটের কারণে চলাচলে সমস্যা হয়। তা নিরসনে এবার যান চলাচলে কঠোরতার নির্দেশ দেওয়া হয়েছে।’

এর আগে গতকাল রোববার ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তিযুদ্ধ শুরু হয়। একই দিন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগভুক্ত সি-১ ইউনিট এবং কলা ও মানবিকী অনুষদভুক্ত সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।