এসএসসি পরীক্ষা ২০২৬। রসায়ন: সংক্ষিপ্ত উত্তর–প্রশ্নে নম্বর থাকবে ২ করে

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

রসায়ন: সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন

প্রিয় পরীক্ষার্থী, রসায়ন বিষয়ে ১০ নম্বরের সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন থাকবে। পরীক্ষায় ৭টি প্রশ্ন থাকবে, ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নে নম্বর থাকবে ২ করে।

 

প্রশ্ন: পটাশিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন?

উত্তর: পটাশিয়ামকে ক্ষার ধাতু বলা হয়। কারণ এটি পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন গ্যাস ও তীব্র ক্ষার গঠন করে।

2K+2H2O→2KOH+H2

 (ক্ষার)

Kএর ইলেকট্রন বিন্যাস:

K(19)→1s22s22p63s23p64s1

ক্ষার ধাতুগুলোর মতো পটাশিয়ামের সর্ববহিঃস্থ শক্তিস্তরে একটিমাত্র ইলেকট্রন থাকে। তাই একে পর্যায় সারণির গ্রুপ-1 এ স্থান দেওয়া হয়েছে।

প্রশ্ন: Znকে অবস্থান্তর মৌল বলা হয় কেন?

উত্তর: যেসব d-ব্লক মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে d অরবিটাল আংশিক পূর্ণ থাকে, তাদের অবস্থান্তর মৌল বলা হয়।

Znএর ইলেকট্রন বিন্যাস:

Zn(30)=1s22p22p63s23p63d104s2

Zn পরমাণু 2টি ইলেকট্রন ত্যাগ করে Zn2+ আয়নে পরিণত হয়।

এ ক্ষেত্রে Znএর সুস্থিত আয়ন Zn2+ এর ইলেকট্রন বিন্যাস হলো

Zn2+(28)=1s22p22p62s23p63d104s0

যেহেতু Zn2+ এর d অরবিটাল পূর্ণ থাকে, তাই Zn কে অবস্থান্তর মৌল বলা হয়।

 

প্রশ্ন: SO42- একটি যৌগমূলক—ব্যাখ্যা করো।

উত্তর: যদি একাধিক মৌলের এক বা একাধিক পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধানবিশিষ্ট একটি পরমাণুগুচ্ছ তৈরি করে, যা রাসায়নিক বিক্রিয়ায় একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে তাকে যৌগমূলক বলে।

SO42- একটি যৌগমূলক। কারণ, এখানে একটি সালফার পরমাণু চারটি অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে একটি পরমাণুগুচ্ছ তৈরি করেছে, যা (Zn+H2SO4→ZnSO4+H2) এই বিক্রিয়ায় একটি পরমাণুর ন্যায় আচরণ করে এবং এর চার্জ ঋণাত্মক (-2)।

প্রশ্ন: ফ্লোরিনকে জারক বলা হয় কেন?

উত্তর: জারণ-বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়কটি ইলেকট্রন ত্যাগ করে, তাকে বিজারক পদার্থ এবং যে বিক্রিয়কটি ইলেকট্রন গ্রহণ করে, তাকে জারক পদার্থ বলে। ফ্লোরিন জারণ-বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে বলে এটিকে জারক বলা হয়। যেমন Na ও F2 এর বিক্রিয়ায় F2 জারক হিসেবে কাজ করে।

 

প্রশ্ন: উভমুখী বিক্রিয়াকে একমুখীকরণ ব্যাখ্যা করো।

উত্তর: উভমুখী বিক্রিয়াকে বিভিন্নভাবে একমুখী করা যায়। কোনো উভমুখী বিক্রিয়ায় একটি উত্পাদকে যদি ক্রমাগত বিক্রিয়াস্থল থেকে সরিয়ে নেওয়া হয়, তাহলে বিপরীত বিক্রিয়াটি সংঘটিত হতে পারে না। অর্থাৎ তখন উভমুখী সাম্যাবস্থা আর বজায় থাকে না। যেমন জিংক ও সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় উত্পন্ন হাইড্রোজেন গ্যাসকে পৃথকভাবে সংগ্রহ করা হলে বিক্রিয়াটি একমুখী হয়।

Zn+H2SO4→ZnSO4+H2­

আবার, বিক্রিয়াটি খোলা পাত্রে সংঘটিত হলে এবং উত্পাদ গ্যাসীয় হলে উভমুখী বিক্রিয়া একমুখী হয়।

প্রশ্ন: ‘সকল সংশ্লেষণ বিক্রিয়াই কেন সংযোজন বিক্রিয়া’—ব্যাখ্যা করো।

উত্তর: সংযোজন বিক্রিয়া: যে বিক্রিয়ায় একাধিক মৌল বা যৌগের সমন্বয়ে একটিমাত্র যৌগ গঠিত হয়, তাকে সংযোজন বিক্রিয়া বলা হয়।

উদাহরণ:

i) H2+Cl2→2HCl

ii) CaO+CO2→CaCO3

সংশ্লেষণ বিক্রিয়া: যে বিক্রিয়ায় একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে একটিমাত্র যৌগ গঠিত হয়, তাকে সংযোজন বিক্রিয়া বলা হয়।

উদাহরণ:

i) H2+Cl2→2HCl

ii) 2Na+Cl2→2NaCl

অর্থাৎ সংশ্লেষণ বিক্রিয়া হয় শুধু মৌলের ক্ষেত্রে, কিন্তু সংযোজন বিক্রিয়া মৌল ও যৌগ উভয়ের ক্ষেত্রে হয়। অতএব, সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া, কিন্তু সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া নয়।

  • এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক
    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা