জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬। বিজ্ঞান (অধ্যায় ৭): সংক্ষিপ্ত উত্তর–প্রশ্নগুলো বিজ্ঞান বিষয়ের

ফাইল ছবি

বিজ্ঞান: সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন 

অধ্যায়–৭

প্রশ্ন: ‘সব অভিকর্ষই মহাকর্ষ, কিন্তু সব মহাকর্ষ অভিকর্ষ নয়’—ব্যাখ্যা করো।

উত্তর: মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকে মহাকর্ষ বলে। যেমন: সূর্য ও চাঁদ এর মধ্যে আকর্ষণ বল।

আবার পৃথিবী ও অন্য যেকোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকে অভিকর্ষ বলে। যেমন: পৃথিবী ও চাঁদের মধ্যে আকর্ষণ বল।

যেহেতু পৃথিবী মহাবিশ্বের মধ্যেই অবস্থিত একটি গ্রহ, তাই পৃথিবীর সঙ্গে মহাবিশ্বের অন্য কোনো বস্তুর আকর্ষণ মহাকর্ষও হতে পারে। তাই বলা যায়, সব অভিকর্ষই মহাকর্ষ, কিন্তু সব মহাকর্ষ অভিকর্ষ নয়।

প্রশ্ন: অভিকর্ষজ ত্বরণ gএর মান ৯.৮ মি/সে বলতে কী বোঝায়?

উত্তর: অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্বের ওপর নির্ভর করে। অভিকর্ষজ ত্বরণকে g দ্বারা প্রকাশ করা হয়। ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ gএর মান ৯.৮ মি/সে

প্রশ্ন: মহাকর্ষ ও অভিকর্ষের মধ্যে পার্থক্য লেখো।

উত্তর: মহাকর্ষ—

১. মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলকে মহাকর্ষ বলে।

২. মহাকর্ষ বল gএর ওপর নির্ভর করে না।

অভিকর্ষ—

১. পৃথিবী ও অন্য যেকোনো বস্তুর মধ্যে আকর্ষণ বলকে অভিকর্ষ বলে।

২. অভিকর্ষ বল gএর ওপর নির্ভর করে।

প্রশ্ন: কোনো বস্তু নিচের দিকে পড়ে কেন?

উত্তর: কোনো বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণ বলই হলো অভিকর্ষ বল। অভিকর্ষ বলের দিক হলো পৃথিবীর কেন্দ্রের দিকে। তাই কোনো বস্তুকে ওপর থেকে ছেড়ে দিলে তা অভিকর্ষ বলের কারণে নিচের দিকে পড়ে।

  • মো. ফারুক হোসেন, সিনিয়র শিক্ষক
    বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়, মতিঝিল, ঢাকা