প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। প্রাথমিক বিজ্ঞান (অধ্যায়–১): সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন পড়ে নাও

প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগী এক শিক্ষার্থী

প্রাথমিক বিজ্ঞান: সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন

অধ্যায়–১

প্রশ্ন: বনজ আবাসস্থল বলতে কী বোঝায়?

উত্তর: পৃথিবীর অনেক স্থানে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায়। এসব স্থানে তখন বনের সৃষ্টি হয়, যা বনজ আবাসস্থল নামে পরিচিত। বাংলাদেশের সুন্দরবন, শালবন হলো বনজ আবাসস্থলের উদাহরণ।

প্রশ্ন: ব্যাঙকে উভচর প্রাণী বলা হয় কেন?

উত্তর: ব্যাঙ তার জীবনের ভিন্ন ভিন্ন পর্যায়ে মাটি ও পানি উভয় স্থলেই বসবাস করে। শিশু অবস্থায় ব্যাঙাচি হিসেবে এরা পানিতে থাকে। বড় হয়ে মাটি ও পানি উভয় স্থানে বসবাস করে বলে এদের উভচর প্রাণী বলে।

প্রশ্ন: তৃণভূমি কাকে বলে?

উত্তর: স্থলজ পরিবেশের যে বিস্তীর্ণ এলাকাজুড়ে ঘাসজাতীয় উদ্ভিদের প্রাধান্য থাকে, তাকে তৃণভূমি বলে। এখানে থাকে শণ, নলখাগড়া, বীরুৎ ও গুল্মজাতীয় উদ্ভিদ। এখানে হরিণ, খরগোশ ও শিয়ালের মতো প্রাণীরা বাস করে।

প্রশ্ন: মরুভূমির উদ্ভিদের পাতা কাঁটায় রূপান্তরিত হয় কেন?

উত্তর: মরুভূমির পরিবেশ উষ্ণ ও শুষ্ক। তাই মরুজ উদ্ভিদের পাতা পানি ধরে রাখে। আত্মরক্ষার জন্য এসব উদ্ভিদের কোনো কোনোটির পাতা কাঁটায় রূপান্তরিত হয়।

আরও পড়ুন

প্রশ্ন: অভিযোজন বলতে কী বোঝো?

উত্তর: নির্দিষ্ট বাসস্থান বা পরিবেশের সঙ্গে জীবের খাপ খাইয়ে বেঁচে থাকার প্রক্রিয়াকে অভিযোজন বলে। মূলত বাসস্থান, আত্মরক্ষা, প্রজনন বা বংশবৃদ্ধির জন্য জীবে এসব পরিবর্তন ঘটে থাকে। জলজ উদ্ভিদের বায়ুকুঠুরি, হাঁসের পাতার মতো পর্দাবিশিষ্ট পা এর উদাহরণ।

প্রশ্ন: বিভিন্ন পরিবেশে জীব কীভাবে নিজেকে খাপ খাওয়ায়?

উত্তর: নির্দিষ্ট পরিবেশে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য জীব নিজের গঠন ও শারীরবৃত্তীয় কাজের পরিবর্তন ঘটায়। জীবের এরূপ পরিবর্তনকে অভিযোজন বলে। এই অভিযোজন প্রক্রিয়ার মাধ্যমে জীব বিভিন্ন পরিবেশে নিজেকে খাপ খাওয়ায়।

প্রশ্ন: কচুরিপানায় বায়ুকুঠুরি থাকে কেন?

উত্তর: কচুরিপানার কাণ্ডের ভেতরের ফাঁপা ও বায়ুপূর্ণ অংশটিকে বায়ুকুঠুরি বলে। এই বায়ুকুঠুরির কারণেই কচুরিপানার কাণ্ড হালকা হয় এবং এটি সহজেই পানিতে ভেসে থাকতে পারে। এটি জলজ পরিবেশে টিকে থাকার জন্য কচুরিপানার একটি বিশেষ অভিযোজন।

প্রশ্ন: ক্যাকটাসের কাণ্ড রসালো হয় কেন?

উত্তর: মরুজ পরিবেশে কম বৃষ্টি ও শুষ্ক আবহাওয়া হওয়ায় পানির অভাব থাকে। ক্যাকটাস তার মোটা ও রসালো কাণ্ডের মধ্যে পানি জমা করে রাখে। এটি তাকে শুষ্ক মৌসুমে টিকে থাকতে সাহায্য করে।

প্রশ্ন: মেরু অঞ্চলের প্রাণীদের চামড়ার নিচে পুরু চর্বির স্তর থাকে কেন?

উত্তর: মেরু অঞ্চল বরফে ঢাকা থাকে। এ অঞ্চলের প্রাণীদের তীব্র ঠান্ডা সহ্য করতে হয়। এসব প্রাণীর শরীরের চামড়ার নিচে পুরু চর্বির স্তর থাকার ফলে তারা তীব্র ঠান্ডার মধ্যেও নিজেদের দেহ উষ্ণ রাখতে পারে।

প্রশ্ন: পাখির দেহ হালকা হয় কেন?

উত্তর: পাখিদের আকাশে উড়তে হয় বলে এদের দেহ হালকা হওয়া প্রয়োজন। পাখিদের হাড়ে মজ্জা কম থাকে এবং দেহে বায়ুভর্তি থলি থাকে। এই অভিযোজন পাখিকে সহজে উড়তে সাহায্য করে।

প্রশ্ন: সুন্দরবনে উটকে ছেড়ে দেওয়া হলে তার বেঁচে থাকতে কী অসুবিধা হবে?

উত্তর: উট একটি মরুজ প্রাণী, যা শুষ্ক পরিবেশে বসবাসের জন্য অভিযোজিত। অন্যদিকে সুন্দরবন হলো বনজ আবাসস্থল। উটকে বনজ ও আর্দ্র পরিবেশে ছেড়ে দেওয়া হলে বিরূপ পরিবেশে উট টিকে থাকতে পারবে না।

*লেখক: রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা