ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা ২০২৭: সন্তানকে ভর্তি করতে চান, বিজ্ঞপ্তি অক্টোবরে

প্রথম আলো ফাইল ছবি

এখন থেকেই প্রস্তুতি নিতে হবে আবেদন প্রকাশ হবে অক্টোবর মাসে

আপনার সন্তান কি ২০২৬ সালে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছে?

—তবে আপনার সন্তানকে ২০২৭ সালে সপ্তম শ্রেণিতে ক্যাডেট কলেজে ভর্তি করাতে পারেন।

সঠিক প্রস্তুতি নিলেই ক্যাডেট কলেজে ভর্তি হওয়া সম্ভব। আর সে জন্য চাই সঠিক প্রস্তুতি। 

ক্যাডেট কলেজে ভর্তি হয়ে আপনার সন্তান পড়াশোনা করতে পারলে তার ভবিষ্যৎ একটা নিয়মের মধ্যে পরিচালিত হবে, যা আপনার সন্তানের জন্য সঠিক দিকনির্দেশনা হিসেবে কাজ করবে নিচের তথ্যগুলো।

কাদের অধীনে পরিচালিত হয়

ক্যাডেট কলেজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল শাখার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয়।

এটি একটি সংবিধিবদ্ধ আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান।

লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও অতিরিক্ত শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ক্যাডেটদের সুনাগরিক ও চৌকস ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।

কয়টি ক্যাডেট কলেজ রয়েছে

বর্তমানে বাংলাদেশে ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। ছেলেদের জন্য ৯টি ও মেয়েদের জন্য ৩টি ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে।

ভর্তির প্রক্রিয়া

ভর্তির প্রক্রিয়াটি হবে লিখিত, মৌখিক ও স্বাস্থ্যগত পরীক্ষার মাধ্যমে।

সিলেবাস ও বিষয়

ভর্তি পরীক্ষার সিলেবাস: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ষষ্ঠ শ্রেণির সিলেবাসের আলোকে হবে।

ভর্তি পরীক্ষার বিষয়: মোট নম্বর ৩০০।

গণিতে ১০০, ইংরেজিতে ১০০, বাংলায় ৬০ এবং বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ইতিহাস, খেলাধুলা, ডিজিটাল প্রযুক্তি, বুদ্ধিমত্তা (আইকিউ) ও সাধারণ জ্ঞানে ৪০ নম্বর।

প্রার্থীর যোগ্যতা যা যা লাগবে

১. জাতীয়তা: ছাত্রছাত্রীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

২. শিক্ষাগত যোগ্যতা: ছাত্রছাত্রীকে ষষ্ঠ শ্রেণি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৩. বয়স: ১ জানুয়ারি ২০২৭  তারিখে সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস হতে হবে।

৪. শারীরিক যোগ্যতা: প্রার্থীকে নিচের শারীরিক যোগ্যতাসম্পন্ন হতে হবে।

উচ্চতা: ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি (বালক ও বালিকা উভয় ক্ষেত্রে প্রযোজ্য)।

সুস্থতা: প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।

দৃষ্টিশক্তি: চশমািবহীন–এক চক্ষুতে ৬/১২, অন্য চক্ষুতে ৬/১৮।

চশমাসহ–এক চক্ষুতে ৬/৬, অন্য চক্ষুতে ৬/৬।

# চশমার পাওয়ার কোনো চক্ষুতেই (-) 2D এর বেশি হবে না। অ্যাস্টিগম্যাটিজমের ক্ষেত্রে Spherical Equivalent হিসাব করতে হবে। 

অযোগ্যতা জেনে নাও
১. আগে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হলে। ২. লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য হলে। ৩. গ্রস নক নি, ফ্ল্যাট ফুট, কালার ব্লাইন্ড ও অতিরিক্ত ওজন হলে। ৪. অ্যাজমা, মৃগী, হৃদ্‌রোগ, বাত, বাতজ্বর, যক্ষ্মা, পুরাতন আমাশয়, হেপাটাইটিস, ডিওডেনাল আলসার, রাতকানা, যেকোনো প্রকার ডায়াবেটিস, হিমোফিলিয়া, ক্লেপটোম্যানিয়া, বিছানায় প্রস্রাব করা ইত্যাদি রোগে আক্রান্ত হলে। ৫. স্বাস্থ্য-পরীক্ষা পর্ষদ কর্তৃক চিহ্নিত অন্যান্য কারণ।

ফরম পূরণের জন্য যেসব কাগজপত্র লাগবে

১. পঞ্চম শ্রেণির বাষি৴ক পরীক্ষার সত্যায়িত সনদ (ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য আবশ্যিক নয়।)

২. জন্মনিবন্ধন/জন্মসনদের সত্যায়িত ফটোকপি।

৩. অধ্যয়নরত বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক ষষ্ঠ অথবা সমমানের বাংলা/ইংরেজি মাধ্যম/মাদ্রাসা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ।

৪. পিতা/অভিভাবক ও মাতার মাসিক আয়ের সপক্ষে যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র।

৫. প্রার্থীর পিতা ও মাতা উভয়ের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।

অনলাইনে আবেদনের সময় ও ওয়েবসাইট

নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে পাশের https://cadetcollege.army.mil.bd  অথবা https://cadetcollegeadmission.army.mil.bd  ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

জেনে রেখো

১. আবেদন দেওয়ার সময়: অক্টোবরের শেষ সপ্তাহ বা নভেম্বরের প্রথম সপ্তাহ।

২. আবেদন করার সময় থাকে: নভেম্বর থেকে ডিসেম্বর ২০২৬।

৩. লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ: জানুয়ারি ২০২৭ সালের প্রথম বা দ্বিতীয় শুক্রবার।

  • অধ্যাপক মোহাম্মদ আফলাতুন, অধ্যক্ষ
    হাজারীবাগ সরকারি কলেজ, ঢাকা