এসএসসি পরীক্ষা ২০২৬। পৌরনীতি ও নাগরিকতা: সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন রাজনৈতিক দল ছাড়া গণতান্ত্রিক সরকার হয় না
পৌরনীতি ও নাগরিকতা: সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন
প্রশ্ন: আপিল বিভাগের ক্ষমতা ও কাজ বর্ণনা করো।
উত্তর: বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের একটি বিভাগ হলো আপিল বিভাগ। আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের রায়, ডিক্রি বা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল গ্রহণ করে শুনানির ব্যবস্থা করতে পারে। রাষ্ট্রপতি আইনের কোনো ব্যাখ্যা চাইলে আপিল বিভাগ এ বিষয়ে রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়ে থাকে। ন্যায়বিচারের স্বার্থে কোনো ব্যক্তিকে আদালতের সামনে হাজির হতে ও দলিলপত্র পেশ করার আদেশ জারি করতে পারে। আপিল বিভাগ কর্তৃক ঘোষিত আইন হাইকোর্ট বিভাগের জন্য অবশ্যপালনীয়। এভাবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আইনের ব্যাখ্যা, ন্যায়বিচার সংরক্ষণ ও পরামর্শদান করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রশ্ন: রাজনৈতিক দল কাকে বলে?
উত্তর: গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য। রাজনৈতিক দল হলো একটি দেশের জনগোষ্ঠীর একটি অংশ, যারা একটি আদর্শ বা নীতি বা কর্মসূচির ভিত্তিতে রাষ্ট্রীয় সমস্যা সমাধানের জন্য একত্র বা সংগঠিত হয়। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হলো, ক্ষমতায় গিয়ে সরকার গঠন করে দলের নীতি ও আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করা এবং জনগণের জন্য নির্বাচনি কর্মসূচি বাস্তবায়ন করা। রাজনৈতিক দল ছাড়া গণতান্ত্রিক সরকার গঠন অসম্ভব।
প্রশ্ন: হাইকোর্ট বিভাগের ক্ষমতা ও কাজের ব্যাখ্যা দাও।
উত্তর: বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের একটি বিভাগ হলো হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বিভাগ নাগরিকের মৌলিক অধিকার রক্ষার জন্য নিষেধাজ্ঞা জারি করতে পারে। অধস্তন কোনো আদালতের মামলায় সংবিধানের ব্যাখ্যাজনিত জটিলতা দেখা দিলে উক্ত মামলা হাইকোর্টে স্থানান্তর করে মীমাংসা করতে পারে। অধস্তন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণ করে। সব অধস্তন আদালতের কার্যবিধি প্রণয়ন ও পরিচালনা করে। আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ মিলে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত হিসেবে দেশের সংবিধান ও মৌলিক অধিকার রক্ষা করে এবং ন্যায়বিচার নিশ্চিত করে।
প্রশ্ন: গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য কেন?
উত্তর: গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য। আধুনিক গণতান্ত্রিক শাসন মূলত রাজনৈতিক দলেরই শাসন। জনগণের ভোটে গণতান্ত্রিক সরকার গঠিত হয়। আর রাজনৈতিক দল ছাড়া গণতান্ত্রিক সরকার গঠন করা সম্ভব নয়। তাই রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অপরিসীম।
মিজানুর রহমান, শিক্ষক
ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা