এসএসসি ও সমমানে গড় পাসের হার ৮০.৩৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে
ফাইল ছবি

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আজ শুক্রবার শিক্ষা বোর্ডের এক দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে আজ সকাল সাড়ে ১০টায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হয়েছে। এখন শিক্ষার্থীরা ফল পাবে। বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য জানাবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আরও পড়ুন

এর আগে বাটন চেপে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে গণভবনে তিনি এসএসসির ফলাফল কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

এসএসসি পরীক্ষার ফল পেয়ে বাঁধভাঙা উল্লাস শিক্ষার্থীদের
ফাইল ছবি

সকাল সাড়ে নয়টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। এরপর সকাল সাড়ে ১০টায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হয়।

আরও পড়ুন

সাম্প্রতিক ইতিহাসে কখনো শুক্রবারে ফলাফল প্রকাশ করা হয়নি। এর মধ্যে আবার আজ রাজধানীতে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো একদিকে সমাবেশ ডেকেছে, অন্যদিকে বিএনপিও মহাসমাবেশের ডাক দিয়েছে। এ নিয়ে সংঘাতেরও আশঙ্কা করছেন কেউ কেউ। অবশ্য আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার প্রথম আলোকে বলেন, পরীক্ষার্থীরা এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমেই ফলাফল সংগ্রহ করতে পারবে।

গত ৩০ এপ্রিল শুরু হয়েছিল এসএসসি ও সমমানের পরীক্ষা। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এ বছর পরীক্ষার্থী ছিল ২০ লাখের বেশি।