এইচএসসিতে পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী দীপু মনি
ফাইল ছবি

উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী অংশ নেবে। তাদের মধ্যে ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন ছাত্র ও ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন ছাত্রী। ৯ হাজার ১৬৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীর জন্য ২ হাজার ৬৫৮টি কেন্দ্র স্থাপন করা হবে।

গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন। গতকাল মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

আরও পড়ুন

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ১৭ আগস্ট থেকে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিত হবে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু, সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সরকার ১৪ আগস্ট থেকে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ৪৩ দিন সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

দীপু মনি বলেন, চলতি বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ৮ হাজার ৫৯৪। তার মধ্যে ৫ লাখ ২৬ হাজার ২৫১ জন ছাত্র ও ৫ লাখ ৮২ হাজার ৩৪৩ জন ছাত্রী। মোট ৪ হাজার ৬৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ১ হাজার ৫৩৫টি পরীক্ষাকেন্দ্র স্থাপন করা হবে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৮ হাজার ৩১। তার মধ্যে ছাত্র ৫৩ হাজার ৬৩ জন ও ছাত্রী ৪৪ হাজার ৯৬৮ জন। আলিম পরীক্ষায় মোট ২ হাজার ৬৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৪৪৯টি পরীক্ষাকেন্দ্র স্থাপন করা হবে।

দীপু মনি আরও বলেন, কারিগরি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৭১৭। তার মধ্যে ১ লাখ ৯ হাজার ৫৭৩ জন ছাত্র ও ৪৩ হাজার ১৪৪ জন ছাত্রী। ১ হাজার ৮৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৬৭৪টি কেন্দ্র স্থাপন করা হবে।