অনুবাদ, সংলাপ, খুদে গল্প ও প্রবন্ধ লেখার নিয়ম

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

বাংলা ২য় পত্র: নির্মিতি অংশ

প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশে ছয়টি প্রশ্নের উত্তর করতে হবে। এ অংশে নম্বর থাকবে ৩০। আর নির্মিতি অংশে নম্বর থাকবে ৭০। ব্যাকরণ ও নির্মিতি দুই অংশের প্রশ্নের উত্তর যথাযথভাবে লেখার ওপর নির্ভর করবে তুমি কত নম্বর পাবে। আজ নির্মিতি অংশের বঙ্গানুবাদ, সংলাপ, খুদে গল্প ও প্রবন্ধ লেখার সঠিক নিয়মগুলো দেওয়া হলো।

বঙ্গানুবাদ অথবা পারিভাষিক শব্দ

নির্মিতি অংশের শুরুতেই ১০ নম্বরের জন্য একটি ইংরেজি অনুচ্ছেদের বঙ্গানুবাদ করতে বলবে অথবা ১০টি ইংরেজি শব্দের পারিভাষিক রূপ লিখতে বলবে। বাংলা ও ইংরেজি উভয় ভাষার ওপর যদি তোমার যথেষ্ট দখল না থাকে, তাহলে বঙ্গানুবাদ উত্তর দেওয়া ঠিক হবে না। কারণ, ইংরেজি ভাষার ওপর ভালো দক্ষতা ছাড়া সার্থক ভাবানুবাদ করা সম্ভব হয় না। সে ক্ষেত্রে পারিভাষিক শব্দ প্রশ্নের উত্তর করাই ভালো। নির্ভুল বানানে প্রদত্ত শব্দগুলোর বাংলা পরিভাষা লিখতে পারলে পূর্ণ নম্বরই পাবে।

সংলাপ অথবা খুদে গল্প

‘সংলাপ’ থেকে একটি ও ‘খুদে গল্প’ রচনা থেকে একটি করে মোট দুটি প্রশ্ন থাকবে, যেকোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে, নম্বর–১০।

# সংলাপ

ইংরেজি Dialogueএর বাংলা প্রতিশব্দ সংলাপ। সংলাপ হলো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কথোপকথন বা আলাপচারিতা বা মতবিনিময়। একাদশ-দ্বাদশ শ্রেণিতে সংলাপ লিখন পাঠ্য করার উদ্দেশ্য হলো শিক্ষার্থীরা যেন তাদের কল্পনাশক্তি প্রয়োগ করে কাল্পনিক কিছু চরিত্রের মধ্যে কথোপকথনের মাধ্যমে নির্দিষ্ট কোনো বিষয় সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য পাঠকের সামনে তুলে ধরতে পারে। এ প্রক্রিয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীর নাট্য রচনার গুণেরও বিকাশ সাধন সম্ভব। সেই সঙ্গে উক্ত বিষয়ের সামগ্রিক দিক অর্থাৎ তার ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো কথোপকথনের মধ্য দিয়ে তুলে ধরে নেতিবাচকতাকে দমন করে ইতিবাচকতার জাগরণ ঘটানোর প্রয়াস চালানো হয়। সমসাময়িক কোনো বিষয় নিয়ে শিক্ষক-ছাত্র বা দুই বন্ধুর মধ্যে সংলাপ হতে পারে, পিতা ও পুত্রের মধ্যেও সংলাপ হতে পারে। দুর্দান্ত সংলাপ লিখতে হলে প্রথমেই একটি চরিত্রকে উক্ত বিষয় সম্পর্কে অধিক তথ্যসমৃদ্ধ ও ইতিবাচক হিসেবে ধরতে হবে এবং অন্য চরিত্রটি উক্ত বিষয় সম্পর্কে কম তথ্যসমৃদ্ধ ও অনেকটা নেতিবাচক হিসেবে উপস্থাপন করতে হবে। এরপর উভয়ের মধ্যে উক্ত বিষয় নিয়ে কথোপকথন শুরু হবে। উভয়ের যুক্তিতর্কের মধ্য দিয়ে উক্ত বিষয় সম্পর্কে সঠিক তথ্য বের হয়ে আসবে এবং কম তথ্যসমৃদ্ধ নেতিবাচক চরিত্রটি ইতিবাচকে পরিণত হবে। নাটকের গঠন ও বৈশিষ্ট্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকলে দারুণ সংলাপ রচনা করা যায়।

# খুদে গল্প

অন্যদিকে বিকল্প প্রশ্ন হিসেবে ‘খুদে গল্প’ রচনার জন্য কোনো ঘটনার সূত্রপাত দেওয়া হতে পারে অথবা কোনো বিষয় বা প্রসঙ্গ উল্লেখ থাকতে পারে। যেটাই থাকুক না কেন, তোমাকে ছোটগল্পের মতো করে কাহিনিটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কাহিনির প্রয়োজনে চরিত্র সৃষ্টি, সংলাপের মধ্য দিয়ে চরিত্রগুলোর বিকাশ, কাহিনির অতৃপ্তিসূচক সমাপ্তি এবং সুন্দর একটি শিরোনাম ‘খুদে গল্প’ লেখার জন্য অপরিহার্য বিষয়। তা ছাড়া গল্পের বিষয়বস্তু বা ভাববস্তুও ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। সৃজনশীল লেখালেখিতে যাদের পূর্বাভিজ্ঞতা নেই, তাদের পক্ষে হঠাৎ একটি ‘খুদে গল্প’ লেখা দুরূহ ব্যাপার। সে ক্ষেত্রে সংলাপ লিখনে যাওয়াই ভালো।

প্রবন্ধ লিখন

পাঁচটি বিষয় থেকে যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ লিখতে হবে।

নৈতিকতা ও মূল্যবোধ, বিজ্ঞান ও প্রযুক্তি, জাতীয় চেতনা, শিল্প ও অর্থনীতি এবং সাম্প্রতিক বিষয়—এগুলোর ওপর ভিত্তি করে পাঁচটি প্রবন্ধ থাকবে। রচনা ও প্রবন্ধের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। ওপরের শ্রেণিগুলোয় তুমি বিভিন্ন বিষয়ের ওপর রচনা লিখেছ, এখন লিখতে হবে প্রবন্ধ। অর্থাৎ তত্ত্ব, তথ্য, শব্দচয়ন, বাক্য গঠন, ভাষাশৈলী, উপস্থাপনা, বিষয়বস্তুর গভীরতা, প্রাসঙ্গিকতা—এসব উঁচুমার্গের হতে হবে। সস্তা দরের কথাবার্তা, অপ্রাসঙ্গিক তথ্য, পৃষ্ঠা ভরার প্রবণতা ইত্যাদি প্রবন্ধের ক্ষেত্রে কাম্য নয়। বিষয় ও বৈচিত্র্য অনুসারে প্রবন্ধের বিভিন্ন অংশের শিরোনাম, উপশিরোনাম দেওয়া যেতে পারে। মনে রাখতে হবে, একটি প্রবন্ধের নম্বর ২০। কাজেই মানসম্পন্নভাবে একটি প্রবন্ধ লেখার চেষ্টা করবে।

  • মোহাম্মদ হুমায়ূন কবীর, সহকারী অধ্যাপক
    সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা