‘পরিবেশদূষণ’ নিয়ে একটি প্রবন্ধ রচনা—বাংলা: রচনা— প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৬
বাংলা: রচনা
∎ পরিবেশদূষণ
সূচনা: আমাদের চারপাশে যা কিছু আছে, তা নিয়েই আমাদের পরিবেশ। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের এই পরিবেশ ক্রমেই দূষিত হয়ে উঠছে। এই পরিবেশদূষণ সারা বিশ্বের মানুষের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিবেশদূষণের প্রভাবে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের যে সমস্যার আশঙ্কা করা হচ্ছে, তা ভয়াবহ। ধারণা করা হচ্ছে, এই ভয়াবহতায় বেশি ক্ষতির শিকারে পরিণত হবে বাংলাদেশ।
পরিবেশদূষণ: আমাদের এই পরিবেশদূষণের জন্য মূলত মানুষই দায়ী। আধুনিক জীবনযাত্রার দিকে আমরা যত এগোচ্ছি, ততই আমরা পরিবেশদূষণের ক্ষেত্র তৈরি করছি। তবে বর্ধিত জনসংখ্যার চাহিদা মেটাতে গিয়েও দূষণ ঘটছে। প্রতিদিন বিভিন্নভাবে পরিবেশ দূষিত হচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো—শব্দদূষণ, বায়ুদূষণ, পানিদূষণ, মাটিদূষণ প্রভৃতি।
শব্দদূষণ: শব্দদূষণ আজকাল পরিবেশদূষণের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। যানবাহনের হর্ন ও শব্দ, রেডিও-টেলিভিশনের আওয়াজ, মাইকের আওয়াজ, কলকারখানার শব্দ ইত্যাদি শব্দদূষণের মূল উত্স। অসহনীয় মাত্রার শব্দদূষণে মাথাব্যথা, বমি বমি ভাব, এমনকি উচ্চ রক্তচাপ হওয়ার আশঙ্কা থাকে।
বায়ুদূষণ: আমাদের বেঁচে থাকার অন্যতম উপাদান হচ্ছে বায়ু। বিভিন্নভাবে কার্বন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন ইত্যাদি বেশি মাত্রায় মিশে এই বায়ু দূষিত হচ্ছে। বেশি বেশি কলকারখানা স্থাপন এবং তা থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড বায়ুতে মিশছে। এ ছাড়া ইটের ভাটার কালো ধোঁয়া, যানবাহনের অতি কালো ধোঁয়া এবং এর পাশাপাশি বৃক্ষ নিধন, বন উজাড়ও বায়ুদূষণের অন্যতম কারণ।
পানিদূষণ: কলকারখানার বর্জ্য, রাসায়নিক বর্জ্য, ক্লিনিক্যাল বর্জ্য, জমিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের মিশ্রণ, পেট্রোলিয়াম পদার্থের মিশ্রণ ছাড়াও পানির স্তর নিচে নেমে যাওয়ায় আর্সেনিক দূষণ হচ্ছে পানিদূষণের অন্যতম কারণ। মনে রাখা দরকার, পানি জীবন ও জীববৈচিত্র্য রক্ষার অন্যতম উপাদান।
মাটিদূষণ: জনসংখ্যার দ্রুত বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ণ, নগর আবর্জনা, রাসায়নিক সার, কীটনাশক, শিল্প-আবর্জনা প্রভৃতি মিশে মাটিকে দূষিত করে। এ ছাড়া পচনহীন প্লাস্টিক ও পলিথিন মাটিদূষণের অন্যতম কারণ। মনে রাখা দরকার, মাটিই কিন্তু আমাদের জীবনধারণের উপকরণ জোগান দেয়।
দূষণের কারণ: ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটানো, বন ও বৃক্ষ ধ্বংস, অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়ন পরিবেশদূষণের প্রধান কারণ। পরিবেশ যত দূষিত হবে, জীববৈচিত্র্য তত সমস্যার সম্মুখীন হবে।
পরিবেশদূষণ রোধের উপায়: বিশ্বব্যাপী পরিবেশদূষণের ভয়াবহতা কমিয়ে আনা এবং দূষণ রোধে আশু পদক্ষেপ গ্রহণ করা দরকার। কারণ, এটি আজ বিশ্ব আন্দোলনে পরিণত হয়েছে।
উপসংহার: আমাদের এই পরিবেশ আমাদেরই রক্ষা করতে হবে। তাই যত দ্রুত সম্ভব পরিবেশ সুরক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে। বিশ্বের সঙ্গে সঙ্গে নিজ নিজ জায়গা থেকে পরিবেশদূষণ রোধে কাজ করে যেতে হবে।
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা