জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬। বিজ্ঞান (অধ্যায় ২): মিয়োসিস বিভাজনে ৪টি অপত্য কোষের সৃষ্টি হয়
বিজ্ঞান: সংক্ষিপ্ত–উত্তর প্রশ্ন
অধ্যায়–২
প্রশ্ন: নিউক্লিয়াসের ক্রোমোজোমগুলো কখন সবচেয়ে খাটো ও মোটা হয়? ব্যাখ্যা করো।
উত্তর: নিউক্লিয়াসের ক্রোমোজোমগুলো কোষ বিভাজনের মেটাফেজ ধাপে সবচেয়ে খাটো ও মোটা হয়।
মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে এবং তন্তু দিয়ে সেন্ট্রোমিয়ারের সঙ্গে আটকে থাকে। তখন ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হয়।
প্রশ্ন: প্রোফেজ ও টেলোফেজ দশা কীভাবে পার্থক্য করা যায়? ব্যাখ্যা করো।
উত্তর: প্রোফেজ দশা হলো মাইটোসিসের প্রথম পর্যায়, আর টেলোফেজ হলো শেষ পর্যায়। মূলত প্রোফেজ দশায় কোষের যেসব পরিবর্তন ঘটে, তার ঠিক বিপরীতটি টেলোফেজ দশায় দেখা যায়।
প্রোফেজ দশায় ক্রোমোজোম থেকে পানি হ্রাস পায়, ফলে এগুলো ক্রমান্বয়ে সংকুচিত হয়ে খাটো ও মোটা হতে থাকে। আবার টেলোফেজের ক্ষেত্রে ক্রোমোজোমগুলো পানি শোষণ করে ক্রমান্বয়ে প্রসারিত হয়ে সরু ও লম্বা হয়। প্রোফেজে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে, কিন্তু টেলোফেজে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব ঘটে।
প্রশ্ন: মাইটোসিস ও মিয়োসিসের মধ্যে দুটি পার্থক্য লেখো।
উত্তর: মাইটোসিস—
১. জীবের দৈহিক কোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে।
২. মাইটোসিস বিভাজনের ফলে মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়।
মিয়োসিস—
১. জীবের জনন মাতৃকোষে মিয়োসিস কোষ বিভাজন ঘটে।
২. মিয়োসিস বিভাজনের ফলে মাতৃকোষ বিভাজিত হয়ে চারটি অপত্য কোষের সৃষ্টি হয়।
মো. ফারুক হোসেন, সিনিয়র শিক্ষক
বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়, মতিঝিল, ঢাকা