ভিকারুননিসা: অভিভাবকদের কষ্ট ভুলিয়ে দেওয়া ফল
ফারহানা মির্জার বাড়ি নারায়ণগঞ্জের চাষাড়ায়। তাঁর তিন মেয়েই পড়ে রাজধানীতে। বড় মেয়ে লামিয়া মির্জা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ–৫ পেয়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ টু বেইলি রোডের ক্লান্তিকর পথ এই এক ফলই ভুলিয়ে দিয়েছে ফারহানা মির্জার।
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে আজ সোমবার। এতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৯৯.৭৪। এর মধ্যে জিপিএ–৫ পেয়েছে ২ হাজার ২৫ জন।
ফল প্রকাশের আগেই স্কুল গেটের বাইরে কথা হয় ফারহানা মির্জার সঙ্গে। ছোট মেয়ে এই স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ে, আরেক মেয়ে পাশের সিদ্বেশ্বরী স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। দুই মেয়ের পরীক্ষা চলছে। রেজাল্ট না জেনে বড় মেয়ে লামিয়া আসতে চায়নি।
ফারহানা প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিন সকাল ১০টায় বের হয়ে ডে শিফটের ক্লাস ধরতে হতো। সুযোগ পেলে মাঝে একবার বাসায় যেতাম, নয়তো অভিভাবকদের ছাউনিতেই থাকতাম। এরপর বিকেল ৪টায় ক্লাস শেষে ফের নারায়ণগঞ্জের পথ ধরতেন, বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা।’
ফারহানা আরও বলেন, মেয়েরাও কষ্ট করছে। লামিয়াকে নিয়ে অনেক আশা। মেয়ের ফলাফলে এ সবকে আর কষ্ট মনে হয় না। ফল প্রকাশের পরই স্কুলে আসতে শুরু করে শিক্ষার্থীরা। বার্ষিক পরীক্ষা চলায় হইহুল্লোড় একটু দেরিতেই শুরু করে তারা।
অনেকের সঙ্গেই অভিভাবক এসেছেন। মায়ের সঙ্গে, বাবার সঙ্গে সেলফি তুলছে তারা।
বিজ্ঞান বিভাগ থেকে জিপিএস–৫ পাওয়া মাহরীন জামান প্রথম আলোকে বলে, ‘কিছুটা চিন্তা হচ্ছিল, কিন্তু শিক্ষক এবং মা–বাবা অনেক সাপোর্ট দিয়েছেন।’
শরিফুল ইসলাম নামের এক অভিভাবক বলেন, ‘করোনার কারণে পরীক্ষা পিছিয়েছে, পদ্ধতি কী হবে, এরপর বিষয় কয়টা থাকবে—এসব নিয়ে চিন্তা ছিল। কিন্তু মেয়ের ফল ভালো এসেছে, এতেই খুশি।’ অফিস রেখেই এই বাবা এসেছেন মেয়ের সঙ্গে।
ফল নিয়ে কথা হয় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহারের সঙ্গে। তিনিও ফল নিয়ে খুশি। অধ্যক্ষ কামরুন নাহার বলেন, তাঁর স্কুলের মেয়েরা বরাবরই ভালো করে। এবারও প্রত্যাশা অনুযায়ী অনেক ভালো করেছে। ওদের ফলাফলে সবাই খুশি। তিনি আশা করেন, শিক্ষার্থীরা এই ধারা এইচএসসিতেও ধরে রাখবে।