এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন, শিক্ষার্থীদের জন্য ১১ নির্দেশনা

এইচএসসি পরীক্ষা শুরুর আগে আরেকবার পড়াশোনা চলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন (সময়সূচি) প্রকাশ করেছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। রুটিন অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর ২০২৬ পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি প্রকাশিত রুটিন অনুযায়ী, ১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে পরীক্ষা। সকালে হবে এ পরীক্ষা। আর ওই দিন বিকেলে অনুষ্ঠিত হবে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। ২ ডিসেম্বর সকালে বাংলা প্রথম ও বিকেলে দ্বিতীয় পত্র, ৩ ডিসেম্বর সকালে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং বিকেলে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা। ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে লিখিত পরীক্ষা শেষ হবে। ব্যবহারিক পরীক্ষাও ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে।

এদিকে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে ১১টি নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। নির্দেশনায় পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে পরীক্ষাকক্ষে আসন গ্রহণ, প্রবেশপত্র সংগ্রহ, উত্তরপত্র পূরণ এবং ক্যালকুলেটর ও মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে বলা হয়েছে।

আরও পড়ুন

পরীক্ষার্থীদের জন্য ১১ নির্দেশনা—

১. পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে।

২. পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩. ৩০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে। ব্যবহারিক বিষয়সংবলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনী অংশের সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট। পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলবে। এমসিকিউ ও সৃজনশীল—উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

এইচএসসি পরীক্ষা
ফাইল ছবি

*সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষার ক্ষেত্রে সকাল ৯টা ৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী ওএমআর শিট বিতরণ করা হবে। সকাল ১০টায় বহুনির্বাচনী প্রশ্নপত্র দেওয়া হবে। সকাল ১০টা ৩০ মিনিটে বহুনির্বাচনী উত্তরপত্র (ওএমআর শিট) সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। তবে ২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে ওএমআর শিট সংগ্রহ এবং সৃজনশীল প্রশ্নপত্র বিতরণের সময় সকাল ১০টা ২৫ মিনিট।

*অন্যদিকে বেলা ২টায় শুরু হওয়া পরীক্ষার ক্ষেত্রে বেলা ১টা ৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী ওএমআর শিট বিতরণ করা হবে। বেলা ২টায় বহুনির্বাচনী প্রশ্নপত্র দেওয়া হবে। দুপুর ২টা ৩০ মিনিটে বহুনির্বাচনী উত্তরপত্র (ওএমআর শিট) সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। ২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ কার্যক্রম বেলা ২টা ২৫ মিনিটে সম্পন্ন হবে।

৪. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।

৫. পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে পরীক্ষার অন্তত পাঁচ দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

আরও পড়ুন

৬. প্রত্যেক পরীক্ষার্থীকে সরবরাহ করা উত্তরপত্রে পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোডসহ প্রয়োজনীয় তথ্য ওএমআর ফরমে যথাযথভাবে লিখে নির্ধারিত বৃত্ত ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্রের মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

৭. পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে (প্রযোজ্য ক্ষেত্রে) পৃথকভাবে পাস করতে হবে। ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে পূর্বের প্রাপ্ত নম্বর বহাল থাকবে। শুধু অকৃতকার্য ও অনুপস্থিত পরীক্ষার্থীরা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

৮. প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লেখিত বিষয়/বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। কোনো অবস্থাতেই অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

৯. কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ বা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না, পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসনবিন্যাস করতে হবে।

১০. পরীক্ষার্থীরা পরীক্ষায় শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (Non programmable) ব্যবহার করতে পারবেন। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

১১. পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং কোন পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবেন না।

আরও পড়ুন

বর্তমানে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো পরীক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে তাকে এক বছর পর, অর্থাৎ পরের বছরের পরীক্ষায় আবার বসতে হতো। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য হওয়া বিষয়গুলো অথবা চাইলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। কিন্তু একটি বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে একজন শিক্ষার্থীকে দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হয়। এবার এক মাসের মধ্যে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের আবার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ। গত ৩১ অক্টোবর ২০২৬ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এবার এক ও দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থী ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী।

*রুটিন দেখুন এখানে