এবার চট্টগ্রামে এসএসসি পরীক্ষার্থী দেড় লাখের বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এবার চট্টগ্রাম থেকে ১ লাখ ৫৪ হাজার ৭৬৯ শিক্ষার্থী অংশ নিচ্ছে। তাদের মধ্যে ছাত্রীর সংখ্যাই বেশি।

এবার ২১৬টি কেন্দ্রে ১ হাজার ১০৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে। গতবার এবারের চেয়ে ৫ হাজার ৫৭ জন পরীক্ষার্থী কম অংশ নিয়েছিল।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র জানায়, পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬৮ হাজার ২৭০ ও ছাত্রী ৮৬ হাজার ৪৯৯ জন। তিন বিভাগেই পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এ বছর বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিচ্ছে ৩৪ হাজার ৩২ জন। মানবিক থেকে ৫৯ হাজার ৫৩৩ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬১ হাজার ২০৪ জন পরীক্ষার্থী। গত বছর বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় বসেছিল ৩০ হাজার ৩৭১ জন, মানবিক থেকে ৫৯ হাজার ১৩৭ ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দেয় ৬০ হাজার ২০৪ জন।

বোর্ডের হিসাবে নগরসহ চট্টগ্রাম জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৬ হাজার ৮৮৫ জন। কক্সবাজার জেলায় পরীক্ষার্থী আছে ২৪ হাজার ৩৩০ জন, রাঙামাটি জেলা থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে ৮ হাজার ৭৪২ জন, খাগড়াছড়ি থেকে ৯ হাজার ৮৬৬ জন, বান্দরবান থেকে ৪ হাজার ৯৪৫ জন।

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ প্রথম আলোকে বলেন, এসএসসি পরীক্ষা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বছর সুষ্ঠুভাবে পরীক্ষার কাজ তদারকের জন্য ৬০টি পরিদর্শক দল ও ১০টি বিশেষ পরিদর্শক দল কাজ করবে। পাশাপাশি খোলা হয়েছে কন্ট্রোল রুম।