জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু, চলবে আরও ৪ দিন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ রোববার সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের ভর্তি পরীক্ষা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, আইবিএ-জেইউ ইউনিটে ৫০টি আসনের বিপরীতে আজকের ভর্তি পরীক্ষায় ৫ হাজার ৮৪৩ শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা। সে হিসাবে এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ১১৭ জন পরীক্ষা দিয়েছেন।
এ বছর ছেলে-মেয়ে আলাদা শিফটে পরীক্ষা হওয়ায় আমাদের ভোগান্তি কম পোহাতে হবে। এখন পর্যন্ত কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনিবশির আহমেদ,সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল সোমবার (১৯ জুন) সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা চার পালায় (শিফট) অনুষ্ঠিত হবে।
সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষার কক্ষ পরিদর্শন করেন উপাচার্য মো. নূরুল আলম। এ সময় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ রাশেদা আখতার, রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য নূরুল আলম বলেন, এবারের ভর্তি পরীক্ষা খুব সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা অন্যান্য বছরের চেয়ে স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিচ্ছেন। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। উপস্থিতির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রথম শিফটে আইবিএ-জেইউর পরীক্ষা হচ্ছে। প্রতিবছরই এই ইউনিটে উপস্থিতি কম দেখা যায়। আমরা মনে করছি, সে কারণে এবারও কম হচ্ছে।’
সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন বশির আহমেদ বলেন, ‘প্রথম শিফটে এখন পর্যন্ত আনুমানিক ৭০ শতাংশের উপস্থিতি দেখা যাচ্ছে। এ বছর ছেলে-মেয়ে আলাদা শিফটে পরীক্ষা হওয়ায় আমাদের ভোগান্তি কম পোহাতে হবে। এখন পর্যন্ত কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।’
এরপর সকাল ১০টা ২৫ মিনিটে ‘সি-১’ ইউনিটের অধীন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে এ বছর ৬৪টি আসনের বিপরীতে ৫ হাজার ৬৫ শিক্ষার্থী আবেদন করেছেন। সে হিসাবে এই ইউনিটে আসনপ্রতি ৭৯ জন পরীক্ষা দিচ্ছেন।
এরপর বেলা ১১টা ৫০ মিনিটে কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ‘সি’ ইউনিটের পরীক্ষা শুরু হবে। চার পালায় (শিফট) শুরু হওয়া সি ইউনিটের পরীক্ষা বিকেল ৫টা ৪০ মিনিটে শেষ হবে। ৩৮৮টি আসনের বিপরীতে এই ইউনিটে আবেদন জমা পড়েছে ৪১ হাজার ৪৪৫টি। সে হিসাবে এই ইউনিটে আসনপ্রতি ১০৬ জন অংশ নেওয়ার কথা।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল সোমবার (১৯ জুন) সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা চার পালায় (শিফট) অনুষ্ঠিত হবে।
একই দিন ‘ই’ ইউনিটের পরীক্ষা দুই পালায় নেওয়া হবে। পরদিন মঙ্গলবার ২০ জুন গাণিতিক ও পদার্থবিজ্ঞান এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ পালায় হবে। এরপর ২১ ও ২২ জুন জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় চার পালা করে ৮ পালায় অনুষ্ঠিত হবে। সর্বশেষ ২৩, ২৪ ও ২৫ জুন সি১ ইউনিটের ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে শেষ হবে এ বছরের ভর্তি পরীক্ষা কার্যক্রম।