কবিতার মূল ভাব লিখলেই ৫ নম্বর পাবে

বাংলা: মূল ভাব লিখন

প্রিয় শিক্ষার্থী, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বাংলা বিষয়ে ৯ নম্বর প্রশ্নটি থাকবে কবিতা বা গদ্য অনুচ্ছেদের মূল ভাব লেখার ওপর।

প্রশ্ন: ‘স্বদেশ’ কবিতাটির মূল ভাব লেখো।

উত্তর: বাংলাদেশজুড়ে হাজারো নদ–নদী ছড়িয়ে–ছিটিয়ে আছে। শস্যশ্যামলা এ দেশের মাঠে মাঠে ফসলের সমাহার। গাছে গাছে পাখির কলরব। চারপাশে নানা পেশার মানুষের ছোটাছুটি। সবকিছু মিলিয়ে এ যেন এক সুন্দর ছবি। ‘স্বদেশ’ কবিতায় একটি ছেলে মুগ্ধ হয়ে সে ছবি দেখছে আর তা মনের মধ্যে ধরে রাখছে। কারণ, মনভোলানো এ ছবি টাকা দিয়ে কেনা যায় না। নদীর জোয়ার, নৌকার সারি, পাখির কলকাকলি—সবই ছেলেটির মনে মমতা ও ভালোবাসার অনুভূতি জাগাচ্ছে।

প্রশ্ন: ‘ঘাসফুল’ কবিতাটির মূল ভাব লেখো।

উত্তর: ‘ঘাসফুল’ কবিতায় ঘাসফুলের মনের কথা প্রকাশ পেয়েছে ঘাসফুল অত্যন্ত ছোট আর সুন্দর। তারা পৃথিবীতে আনন্দ ছড়িয়ে দেয় মানুষ যেন ঘাসফুলকে পায়ে দলে নষ্ট না করে কিংবা না ছিঁড়ে এ জন্য তারা অনুরোধ করেছে। কারণ, ফুল ছিঁড়লে সৌন্দর্য নষ্ট হয়ে যায়, তা ছাড়া ফুলেরও প্রাণ আছে। তাই ফুল ছেঁড়া অত্যন্ত অন্যায়।

প্রশ্ন: ‘দুই তীরে’ কবিতাটির মূল ভাব লেখো।

উত্তর: ‘দুই তীরে’ কবিতায় একটি নদী, তার দুই তীরে দুজন মানুষ বাস করে। একজন ভালোবাসে তার নদীর বালুচর, শরৎকালে চকাচকিরা যেখানে ঘর বাঁধে। এর তীরে তীরে ফুটে থাকে কাশফুল। শীতের সময় হাঁসেরা এসে ভিড় করে, কচ্ছপ রোদ পোহায়। সন্ধ্যায় জেলের ডিঙি এসে ভিড়ে। অন্যজন ভালোবাসে বন, যার আছে ঘন ছায়া। সেখান থেকে একটা রাস্তা এসে মিশেছে নদীতে। নদীর ঘাটে বধূরা আসে, ছেলেরা জলে ভেলা ভাসায়। এই কবিতায় একটি নদী দুই তীরের মানুষকে এক করে মিলিয়ে দিয়েছে।

আরও পড়ুন

প্রশ্ন: ‘নোলক’ কবিতাটির মূল ভাব লেখো।

উত্তর: প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বাংলাদেশ। ‘নোলক’ কবিতায় কবি মায়ের গয়না খোঁজার ছলে প্রকৃতির সৌন্দর্যই তুলে ধরেছেন। আমাদের চোখে ধরা দিয়েছে ছবির মতো দেশ, দেশের নদী, পাখি, ফুল, বন ও পাহাড়। কবি সারা বাংলাদেশ ঘুরে তাঁর মায়ের হারিয়ে যাওয়া নোলক খুঁজে বেড়ান। দিনের আলো ফুরিয়ে অন্ধকার নামলেও কবি ঘরে ফিরতে চান না। কিন্তু কবির মায়ের হারিয়ে যাওয়া নোলকের সন্ধান কেউই দিতে পারে না। এ কবিতায় কবি নোলক খোঁজার বাহানায় আমাদের পরিচিত করিয়েছেন বাংলার সবুজ ও স্নিগ্ধ প্রকৃতিকে।

  • মোস্তাফিজুর রহমান, শিক্ষক
    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা