জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, প্রতি আসনে পরীক্ষার্থী ২৪৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ৯টা থেকে শুরু হয়েছে। এ বছর ছেলে-মেয়ে আলাদা চার পালা (শিফট) করে মোট আট পালায় ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিন আজ বুধবার মেয়েদের জন্য নির্ধারিত চার পালার প্রথম পালার পরীক্ষা সকাল ৯টায় শুরু হয়েছে। এরপর দ্বিতীয় পালা সকাল ১০টা ২৫ মিনিটে অনুষ্ঠিত হবে, যা শেষ হবে ১১টা ২৫ মিনিটে। এরপর তৃতীয় ও চতুর্থ পালার পরীক্ষা শেষ হবে বেলা ২টা ৪৫ মিনিটে। আগামীকাল বৃহস্পতিবার ছেলেদের চার পালায় ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটি সূত্র জানা যায়, জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩১০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭৬ হাজার ৬৪ জন শিক্ষার্থী। এ হিসেবে এ ইউনিটে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪৫ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।
ডি ইউনিটের ভর্তি পরীক্ষার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকেরা সকাল আটটা থেকেই নির্ধারিত কেন্দ্রের সামনে আসতে শুরু করেন। পরে সকাল সাড়ে আটটায় পরীক্ষাকেন্দ্র খুলে দেওয়া হয়। কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের মুঠোফোন, ক্যালকুলেটরসহ মেমোরিযুক্ত অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে যেতে দেওয়া হয়নি।
আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. নুহু আলম প্রথম আলোকে বলেন, ‘সকাল ৯টা পরীক্ষা শুরু হয়েছে। আগামীকালও একই ইউনিটে পরীক্ষা চলবে। এখন পর্যন্ত কোনো কেন্দ্রে কোনো ধরনের সমস্যার খবর আমরা পাইনি। সুষ্ঠুভাবেই পরীক্ষা চলছে।’