ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার্থীদের সাড়ে ৮টা থেকে কেন্দ্রে প্রবেশের অনুমতি
রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। কেন্দ্রের আশপাশে যানজট ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে পরীক্ষার্থীদের সকাল সাড়ে আটটা থেকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রের আশপাশে যানজট ও জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে শুধু পরীক্ষার্থীদের সকাল ৮টা ৩০ মিনিট থেকে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এ বিষয়ে কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। তবে পরীক্ষা কক্ষে প্রবেশসংক্রান্ত আগের নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
২১ এপ্রিল থেকে সারা দেশে একযোগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এ পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এদিকে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা–সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল শনিবার ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২৬ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। যেহেতু পরীক্ষা কেন্দ্রগুলোয় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন, সেহেতু ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ (দুই শ) গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা–সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করছি।’
এই আদেশ ২১ এপ্রিল থেকে অনুষ্ঠিত হওয়ার দিনগুলোয় পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।