১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি, এর আগপর্যন্ত পরীক্ষা স্থগিত

১১ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত। এরপর নতুন সময়সূচিতে এইচএসসি পরীক্ষা নেওয়া হবেপ্রথম আলো ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। এর আগপর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে আজ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনায় বলা হয়, ৪ ‌আগস্ট থেকে অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো স্থগিত করা হলো। ১১ আগস্ট থেকে স্থগিত করা পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী হবে।

আরও পড়ুন

এর আগে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আরেক দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী পরীক্ষা ছিল ৪ আগস্ট। এখন নতুন সিদ্ধান্ত হলো ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে।

আরও পড়ুন

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে ১৭ জুলাই সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান), পলিটেকনিক ইনস্টিটিউট এবং সিটি করপোরেশন এলাকার সব প্রাথমিক বিদ্যালয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। গত ১৬ ও ১৭ জুলাই এ সিদ্ধান্ত জানানো হয়।