এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রে অনুপস্থিত ৭৪০৪, বহিষ্কার ৬৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচএসসি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা
ফাইল ছবি

এইচএসসি ও সমমানের পরীক্ষার চতুর্থ দিনে আজ বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজকের পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন ৭ হাজার ৪০৪ জন পরীক্ষার্থী। শিক্ষার্থী অনুপস্থিতির হার শূন্য দশমিক ৭৫। এ ছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার চতুর্থ দিনে ৬৬ জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ৬৫ জন পরীক্ষার্থী এবং একজন পরিদর্শক। আজ বৃহস্পতিবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আজ সকালে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, যশোর, সিলেট ও দিনাজপুর—এই আট বোর্ডে এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত আছে। এই তিন বোর্ডের পরীক্ষা ২৭ আগস্ট থেকে শুরু হবে।

আরও পড়ুন

আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্য ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সবচেয়ে বেশি ২ হাজার ৫০ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ ছাড়া রাজশাহীতে ১ হাজার ১৯০ জন, কুমিল্লায় ৬৯৮, যশোর শিক্ষা বোর্ডে ৮৬৯, সিলেটে ৫৬১, বরিশালে ৫১৮, দিনাজপুরে ৯৭২ ও ময়মনসিংহে ৫৪৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এদিকে সারা দেশে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য ৬৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়ার শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২১ জন। এ ছাড়া ঢাকা শিক্ষা বোর্ডে ৭ জন, রাজশাহী শিক্ষা বোর্ডে ২, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৭, যশোর বোর্ডে ৩, বরিশাল বোর্ডে ১২ ও দিনাজপুর বোর্ডে ১৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষার দায়িত্বে থাকা একজন পরিদর্শককেও বহিষ্কার করা হয়েছে।