এসএসসি পরীক্ষা ২০২৬: শিক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণ নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

এসএসসি ও সমমানের পরীক্ষা চলছে। পরীক্ষায় মগ্ন শিক্ষার্থীরা। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, রংপুর, ২১ এপ্রিল ২০২৬ছবি: মঈনুল ইসলাম

চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার সুষ্ঠু পরিবেশ, স্বচ্ছতা এবং শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পরীক্ষার্থীদের মধ্যে সঠিক সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র বিতরণ নিয়ে জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড।

আজ বুধবার (২২ এপ্রিল ২০২৬) শিক্ষা বোর্ডের এক নোটিশে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুযায়ী এসএসসি পরীক্ষা-২০২৬–এর দুটি পৃথক সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে। অনিয়মিত/মানোন্নয়ন পরীক্ষার্থীরা (২০২৩-২০২৪ সেশন ও তার পূর্বের) ২০২৫ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপ্রত্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে। নিয়মিত পরীক্ষার্থীরা (২০২৪-২০২৫ সেশন) ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে।

দুই ধরনের পরীক্ষার্থীদের জন্য ভিন্ন ভিন্ন দুই ধরনের প্রশ্ন প্রণয়ন করা হয়েছে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ, স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পরীক্ষার্থীদের মধ্যে সঠিক সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র বিতরণ করা গুরুত্বপূর্ণ। প্রশ্নপত্র বিতরণের পূর্বে প্রশ্নপত্রে উল্লিখিত সংশ্লিষ্ট বিষয়ের সিলেবাস ও প্রশ্নপত্রের কোড যথাযথভাবে যাচাই করে অত্যন্ত সতর্কতার সঙ্গে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের ভুল বা অসাবধানতা সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। প্রশ্নপত্র বিতরণের সময় দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শকদেরও বিষয়টি সম্পর্কে অবহিত করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করতে হবে।

আরও পড়ুন

প্রশ্নপত্র বিতরণে কোনো ধরনের ত্রুটি পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিব ও কক্ষ প্রত্যবেক্ষক দায়ী থাকবেন এবং পরীক্ষার সব কার্যক্রম থেকে অব্যাহতি প্রদানসহ তাঁদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন