প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫। প্রাথমিক বিজ্ঞান
বিস্তৃত প্রশ্নের উত্তর, প্রতিটিতে নম্বর ৬
প্রিয় প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞান বিষয়ে বিস্তৃত উত্তর প্রশ্ন থাকবে ৪টি। সব কটি প্রশ্নের উত্তর করতে হবে। নম্বর থাকবে প্রতিটিতে
প্রাথমিক বিজ্ঞান: বিস্তৃত উত্তর–প্রশ্ন
প্রিয় প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞান বিষয়ে বিস্তৃত উত্তর প্রশ্ন থাকবে ৪টি। সব কটি প্রশ্নের উত্তর করতে হবে। নম্বর থাকবে প্রতিটিতে
৬ করে মোট ২৪।
প্রশ্ন: বায়ুদূষণ কাকে বলে? কোন ধরনের দূষণ থেকে অ্যাসিড বৃষ্টি হয়? আমরা কীভাবে বায়ুদূষণ প্রতিরোধ করতে পারি? চারটি বাক্যে লেখো।
উত্তর: যখন কোনো ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া বা দুর্গন্ধ বায়ুতে মিশ্রিত হয়, তখন তাকে বায়ুদূষণ বলে।
বায়ুদূষণ থেকে অ্যাসিড বৃষ্টি হয়।
আমরা যেভাবে বায়ুদূষণ প্রতিরোধ করতে পারি, তা হলো—
১. বনভূমি উজাড় বন্ধ করা এবং বেশি বেশি গাছ লাগাতে হবে।
২. শিল্পকারখানা ও ইটের ভাটা থেকে কালো ধোঁয়া নির্গমন বন্ধ করতে হবে।
৩. খোলা জায়গায় মল ত্যাগ বা যেখানে–সেখানে ময়লা–আবর্জনা ফেলা যাবে না।
৪. বায়ুদূষণ প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
প্রশ্ন: বায়ুর দুটি উপাদানের নাম লেখো। বায়ুর কোন উপাদানটি আগুন নেভাতে ব্যবহার করা হয়? একজন মাঝি কীভাবে বায়ুপ্রবাহকে কাজে লাগায়, তা একবাক্যে লেখো। বায়ুপ্রবাহকে কাজে লাগায়, এমন তিনটি যন্ত্রের নাম লেখো।
উত্তর: বায়ুর দুটি উপাদানের নাম হলো—
১. নাইট্রোজেন ও
২. কার্বন ডাই–অক্সাইড।
বায়ুতে থাকা কার্বন ডাই–অক্সাইড নামক উপাদানটি আগুন নেভাতে ব্যবহার করা হয়।
একজন মাঝি নৌকাকে গতিশীল করার জন্য পাল হিসেবে একটি বড় কাপড় ব্যবহারের মাধ্যমে বায়ুপ্রবাহকে কাজে লাগান।
বায়ুপ্রবাহকে কাজে লাগায়, এমন তিনটি যন্ত্র হলো—
১. টারবাইন
২. বৈদ্যুতিক পাখা
৩. হেয়ার ড্রায়ার
প্রশ্ন: বায়ুদূষণ কাকে বলে? কাঠ পোড়ানোর ফলে উত্পন্ন কোন গ্যাস বায়ু দূষিত করে? বায়ুদূষণের ফলে উদ্ভিদ ও প্রাণীর ওপর কী প্রভাব পড়ে, সে সম্পর্কে চারটি বাক্য লেখো।
উত্তর: বায়ুর স্বাভাবিক উপাদান পরিবর্তিত হয়ে যখন মানুষের জন্য ক্ষতির কারণ হয়, তখন তাকে বায়ুদূষণ বলে।
কাঠ পোড়ানোর ফলে উত্পন্ন কার্বন ডাই–অক্সাইড গ্যাস বায়ু দূষিত করে।
বায়ুদূষণের ফলে উদ্ভিদ ও প্রাণীর ওপর যে প্রভাব পড়ে, সে সম্পর্কে চারটি বাক্য নিচে দেওয়া হলো—
১. বায়ুদূষণের ফলে মানুষ ফুসফুসের ক্যানসার ও শ্বাসজনিত রোগে আক্রান্ত হয়।
২. মানুষের হৃদ্রোগ হওয়ার আশঙ্কা বেড়ে যায়।
৩. বায়ুদূষণের ফলে সৃষ্ট অ্যাসিড বৃষ্টিতে অনেক উদ্ভিদ মারা যায়।
৪. বায়ুদূষণের ফলে সৃষ্ট অ্যাসিড বৃষ্টির কারণে অনেক জীবের ক্ষতি হতে পারে।
মিজানুর রহমান, শিক্ষক
ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা