তা’মীরুল মিল্লাতের মারুফ–হুমায়রাদের ইচ্ছাপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রাবাড়ীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা।
ছবি: আসাদুজ্জামান

ভালো প্রস্তুতি নিয়ে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল যাত্রাবাড়ীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্র সাইফুল্লাহ মারুফ। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মারুফ আশা করেছিল, উচ্চতর গণিতসহ সব বিষয়ে জিপিএ-৫ পাবে। সত্যি সত্যিই মারুফের মনের আশা পূরণ হয়েছে। তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মারুফ দাখিল পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে। অনলাইনে এই ফল জানার পর মারুফ ছুটে আসে মীর হাজারীবাগে অবস্থিত তা’মীরুল মিল্লাত মাদ্রাসা প্রাঙ্গণে। একে একে গণিত শিক্ষকসহ সব শিক্ষককে জিপিএ-৫ পাওয়ার তথ্য জানায় সে।

পরে মারুফ প্রথম আলোকে বলল, ‘দুই বছর ধরে অনেক কষ্ট করেছি। ভালো ফল করার জন্য রাত জেগে লেখাপড়া করেছি। আজ যখন অনলাইনে জিপিএ-৫ পাওয়ার তথ্য জেনেছি, তখন অজানা আনন্দে মন ভরে গেছে।’

কেবল মারুফ নয়, তার মতো আরও ১৫৪ জন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাস করেছে ৩১৭ জন শিক্ষার্থী। গত বছর এ প্রতিষ্ঠান থেকে ১৪৮ জন জিপিএ–৫ পেয়েছিল।

স্বনামধন্য তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আবু ইউসুফ খান প্রথম আলোকে বলেন, ‘এই মাদ্রাসার সব শিক্ষার্থীকে নিয়মশৃঙ্খলা মেনে লেখাপড়া করতে হয়। শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা নিয়মিত লেখাপড়া করে থাকে। এ জন্য এই মাদ্রাসার শিক্ষার্থীরা ভালো ফল করে। এবারও তার ব্যতিক্রম হয়নি।’

আরও পড়ুন

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ২,৬৯,৬০২ জন। এর মধ্য সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৩৩ হাজার ৭৬৩। আজ সোমবার এই ফল প্রকাশ করা হয়েছে।

তা’মীরুল মিল্লাতের ১৫৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাস করেছে ৩১৭ জন শিক্ষার্থী।

এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৮৮ দশমিক ১০। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮২ দশমিক ২২ শতাংশ।

একজন অদম্য হুমায়রা

তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী হুমায়রা যখন তৃতীয় শ্রেণিতে পড়ত, তখন সে অসুস্থ হয়ে পড়ে। একা একা চলাফেরা করতে পারত না। পরে চিকিৎসকের শরণাপন্ন হয় সায়রার পরিবার। সায়রা আর স্বাভাবিক জীবন ফিরে পায়নি। তবু সে লেখাপড়া চালিয়ে গেছে। আর এ বছর সায়রা দাখিল পরীক্ষায় অংশ নেয়। সে পেয়েছে জিপিএ–৩.৫০।
সায়রার বাবা ফছীহুর রহমান মুনীর তা’মীরুল মিল্লাতের আরবি বিভাগের শিক্ষক। মেয়ের ফলে দারুণ খুশি তিনি।

অদম্য শিক্ষার্থী হুমায়রা
ছবি: সংগৃহীত

ফছীহুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমার মেয়ে চলাফেরা করতে পারে না। আমি ও আমার স্ত্রী হুমায়রাকে কোলে করে পরীক্ষা কেন্দ্রে দিয়ে আসতাম। সে অনেক কষ্ট করে পরীক্ষা দিয়েছিল। সে পাস করেছে। এই খবর জেনে হুমায়রা অনেক খুশি।’