জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ২য় বর্ষের ফলাফল প্রকাশ, পাসের হার ৯৩.৫৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ। পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ফলাফলবিষয়ক ওয়েবসাইট থেকে তাদের ফল জানতে পারবেন। গতকাল শনিবার (১১ জুলাই ২০২৬) রাতে এই ফল প্রকাশ করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ফলাফল প্রকাশ করা হয়েছে। দেশের ৬৪৭টি কেন্দ্রে এক হাজার ৯১৫টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন বিভাগের মোট এক লাখ ৯৭ হাজার ৬১৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এতে গড় পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ। প্রকাশিত ফলাফলে কোনো ধরনের অসংগতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন কিংবা প্রয়োজনবোধে সম্পূর্ণ ফলাফল বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।