এইচএসসি পরীক্ষা ২০২৬। বাংলা ২য় পত্র— ব্যাকরণে নম্বর ৩০, উত্তর দিতে হবে ৬ প্রশ্নের

অলংকরণ: মাসুক হেলাল

বাংলা ২য় পত্র: পরামর্শ

প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশে ছয়টি প্রশ্নের উত্তর করতে হবে। এ অংশে নম্বর থাকবে ৩০। আর নির্মিতি অংশে নম্বর থাকবে ৭০। ব্যাকরণ ও নির্মিতি দুই অংশের প্রশ্নের উত্তর যথাযথভাবে লেখার ওপর নির্ভর করবে তুমি কত নম্বর পাবে। আজ ব্যাকরণ অংশে যথাযথভাবে লেখার সঠিক নিয়মগুলো দেওয়া হলো।

১ নম্বর প্রশ্ন

ব্যাকরণের ১ নম্বর প্রশ্ন থাকবে বাংলা উচ্চারণের নিয়ম ও শব্দের শুদ্ধ উচ্চারণ–এর ওপর। নম্বর থাকবে ৫। এ অংশে দুটি প্রশ্ন থাকবে, যেকোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে।

একটি প্রশ্নে ‘অ’-ধ্বনি, ‘এ’-ধ্বনি, ‘ব’-ফলা, ‘ম’-ফলা বা ‘য’-ফলার উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম লিখতে বলবে। আরেকটি বিকল্প প্রশ্নে আটটি অশুদ্ধ শব্দের উচ্চারণ দেওয়া থাকবে। সেই অশুদ্ধ শব্দের থেকে যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ উচ্চারণ লিখতে হবে।

সতর্কতা: এ ক্ষেত্রে শব্দের উচ্চারণ সঠিকভাবে লিখতে পারলে সে প্রশ্নের উত্তর করাই ভালো, তা না হলে উদাহরণসহ উচ্চারণের পাঁচটি নিয়ম লেখতে পারো।

আরও পড়ুন

২ নম্বর প্রশ্ন

ব্যাকরণের ২ নম্বর প্রশ্ন থাকবে প্রমিত বাংলা বানানের নিয়ম ও শুদ্ধ বানান–এর ওপর। নম্বর থাকবে ৫।

এ অংশে দুটি প্রশ্ন থাকবে, যেকোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে।

একটি প্রশ্নে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের (তৎসম শব্দ/অর্ধতৎসম শব্দ) পাঁচটি নিয়ম লিখতে বলবে। আরেকটি বিকল্প প্রশ্নে ভুল বানানের আটটি শব্দ দেওয়া থাকবে, সেখান থেকে যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লিখতে হবে।

সতর্কতা: এ ক্ষেত্রে শব্দের শুদ্ধ বানান প্রশ্নের উত্তরটি লেখাই বেশি যুক্তিসংগত।

৩ নম্বর প্রশ্ন 

ব্যাকরণের ৩ নম্বর প্রশ্ন থাকবে ব্যাকরণিক শব্দশ্রেণি ও ব্যাকরণিক শব্দশ্রেণি নির্দেশকরণ–এর ওপর। নম্বর থাকবে ৫।

এ অংশে দুটি প্রশ্ন থাকবে, যেকোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে।

বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণি অংশে ব্যাকরণিক শব্দশ্রেণির শ্রেণিবিভাগ, বিশেষ্য, বিশেষণ, ক্রিয়াপদ ও আবেগ শব্দের শ্রেণিবিভাগ–সম্পর্কিত একটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে। এর বিকল্প প্রশ্ন হিসেবে থাকবে প্রদত্ত অনুচ্ছেদ থেকে উক্ত ব্যাকরণিক শব্দশ্রেণি নির্দেশকরণ।

সতর্কতা: এ ক্ষেত্রে অনুচ্ছেদ থেকে ব্যাকরণিক শব্দশ্রেণি নির্ণয় করাই উত্তম। লিখতে হবে কম, কিন্তু সঠিক হলে পুরো নম্বর পাবে।

৪ নম্বর প্রশ্ন

ব্যাকরণের ৪ নম্বর প্রশ্ন হলো বাংলা শব্দ গঠন ও ব্যাসবাক্যসহ সমাস বা প্রকৃতি–প্রত্যয় নির্ণয়–এর ওপর। নম্বর থাকবে ৫।

এ অংশে দুটি প্রশ্ন থাকবে, যেকোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে।

বাংলা শব্দ গঠন অংশে উপসর্গ থেকে উপসর্গের সংজ্ঞা, শ্রেণিবিভাগ ও প্রয়োজনীয়তা–বিষয়ক একটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে এবং বিকল্প প্রশ্ন হিসেবে থাকবে ব্যাসবাক্যসহ সমাস নির্ণয়।

সতর্কতা: শুধু এই প্রশ্নের ক্ষেত্রেই নয়; বরং ব্যাকরণ অংশের সব প্রশ্নের ক্ষেত্রেই সময় ও বেশি নম্বর পাওয়ার দিক বিবেচনায় বর্ণনামূলক প্রশ্নের উত্তর করার চেয়ে ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করা প্রশ্নের উত্তর করাই সবচেয়ে ভালো।

৫ নম্বর প্রশ্ন

ব্যাকরণের ৫ নম্বর প্রশ্ন বাক্যতত্ত্ব ও বাক্যান্তর–এর ওপর। নম্বর থাকবে ৫। এ অংশে দুটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে।

বাক্যতত্ত্ব অংশে বাক্য, সার্থক বাক্যের বৈশিষ্ট্যগুলো ও বাক্যের শ্রেণিবিভাগ থেকে বর্ণনামূলক একটি প্রশ্ন থাকবে এবং এর বিকল্প প্রশ্ন হিসেবে থাকবে বাক্যান্তরকরণ। অর্থাৎ নির্দেশনা অনুযায়ী এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর করতে হবে।

সতর্কতা: এ ক্ষেত্রে বাক্যান্তর যথাযথভাবে করতে পারলে পূর্ণ নম্বর পাওয়া যাবে।

৬ নম্বর প্রশ্ন

ব্যাকরণের ৬ নম্বর প্রশ্ন বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এবং অনুচ্ছেদ শুদ্ধিকরণ–এর ওপর। নম্বর থাকবে ৫।

এ অংশে দুটি প্রশ্ন থাকবে, যেকোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে।

বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ অংশে কোনো একটি অনুচ্ছেদে শব্দ এবং বাক্যের অশুদ্ধ ও অপপ্রয়োগ দূর করে শুদ্ধ প্রয়োগ করতে হবে। এর বিকল্প প্রশ্ন হিসেবে আটটি ভুল বাক্য দেওয়া থাকবে, সেখান থেকে যেকোনো পাঁচটি অশুদ্ধ বাক্যকে শুদ্ধ করতে হবে।

সতর্কতা: বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগের বিভিন্ন উদাহরণ আগে থেকেই অনুশীলন করলে এ অংশে পূর্ণ নম্বর পাওয়া যাবে।

  • মোহাম্মদ হুমায়ূন কবীর, প্রভাষক
    সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা