এইচএসসি পরীক্ষা ২০২৬। গোছানো প্রস্তুতিই ভালো ফল করার উপায়

এইচএসসি পরীক্ষায় ভালো ফল হয়েছে। আনন্দে একে-অপরকে জড়িয়ে ধরেছেন দুই শিক্ষার্থী। অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল নগর। এমন ছবি হতে পারে এইচএসসির সব পরীক্ষার্থীরছবি: সাইয়ান

অধ্যক্ষের পরামর্শ:

প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, দেশের সব বোর্ডে একসঙ্গে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম পরীক্ষাটা হয়ে গেছে। সবাই নিশ্চিন্ত মনে পরের পরীক্ষায় অবতীর্ণ হও। পরীক্ষা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই, যারা নিয়মিত পড়াশোনা করেছো, তারা অবশ্যই সফল  হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ইতঃপূর্বে কিছুসংখ্যক পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করে জানতে পেরেছ একাগ্রচিত্তে সুশৃঙ্খল পড়াশোনা পরীক্ষায় সাফল্যের বড় শর্ত, এই এইচএসসি পরীক্ষার ক্ষেত্রেও সে কথা প্রযোজ্য। পরীক্ষা আরম্ভ হয়েছে। এই সময় উচিত হবে চিন্তামুক্ত থেকে শরীরের প্রতি যত্ন নেওয়া। সময়মতো খাবে, বিশ্রাম নেবে। 

উত্তর লেখায় পরিমিতিবোধ থাকতে হবে

ভালো পরীক্ষার জন্য শিক্ষার্থীর বিচক্ষণতা প্রয়োজন। প্রশ্ন বুঝে স্পষ্ট ভাষায় পরিচ্ছন্ন লেখায় প্রশ্নের পূর্ণমান লক্ষ করে উত্তর রচনা করবে। প্রশ্নের উত্তর অকারণ অপরিমিত হওয়া ভালো নয়। তোমার উত্তর লেখায় পরিমিতি বোধ থাকবে। তোমার উত্তরপত্র যেন পরীক্ষকের মন জয় করতে পারে। আর পরীক্ষা আরম্ভ হওয়ার অন্তত ৬০ মিনিট আগে কেন্দ্রে পৌঁছাবে। ঢাকা শিক্ষা বোর্ড সকাল ৮টা ৩০ মিনিটে এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের প্রজ্ঞাপন জারি করেছে। এখন বর্ষাকাল চলছে, সে প্রস্তুতি নিয়েই পরীক্ষা দিতে যাবে। প্রবেশপত্রসহ প্রয়োজনীয় পরীক্ষা সামগ্রী আগের রাতেই গুছিয়ে রাখবে। পড়াশোনা পাতায় আজ বাংলা ২য় পত্রের সময় পরিকল্পনা ছাপা হয়েছে – তা পড়ে নাও।

পরীক্ষা নিয়ে টেনশন করবে না

এইচএসসি পরীক্ষা একটা চমৎকার বার্তা বহন করে। এই পরীক্ষায় অংশগ্রহণ ও সাফল্য তোমাদের জন্য কাঙ্ক্ষিত উচ্চশিক্ষার দুয়ার খুলে দেবে। এইচএসসি পাসের পরেই স্বপ্নের পথে অভিযাত্রী হবে। তাই পরীক্ষার ফল বেশ মানসম্মত হওয়া কাম্য। পরামর্শ হলো, পরীক্ষা যথেষ্ট যত্নের সঙ্গে সম্পন্ন করো। প্রয়োজনে প্রতিটি বিষয়ের শিক্ষকের সঙ্গে যোগাযোগ রক্ষা করো, কী করে পরীক্ষা ভালো হবে, সে টিপস আশা করি তাঁরা দিতে পারবেন। এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীর জীবনে সম্ভাবনার দ্বার খুলে দেয়। আমি বলব, পরীক্ষাটি তোমাদের জন্য আনন্দের, উৎসবের। আরেকটি কথা মনে রাখো, বর্তমান সরকার এইচএসসি পরীক্ষায় কোনো রকম অসাধুতার প্রশ্রয় দেবে না, পরীক্ষার হলের শৃঙ্খলা কিছুতেই অমান্য করা যাবে না। 

সচেতনভাবে পরীক্ষা দাও

অভিভাবকদের কর্তব্য হবে পরীক্ষার্থীদের উৎসাহিত-অনুপ্রাণিত করা। মন মলিন হবে এমন কথা পরীক্ষা সামনে রেখে না বলাই ভালো হবে। সবাই সচেতনভাবে পরীক্ষা দাও, সময়ের উপযুক্ত ব্যবহার করো।সবার পরীক্ষা ভালো হোক। সবার জন্য আন্তরিক দোয়া রইল।


ড. মো. মাহবুবুর রহমান মোল্লা, অধ্যক্ষ
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা