গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম মিজান, পেয়েছেন ৮১.৫, সর্বনিম্ন নম্বর মাইনাস ১৬.২৫

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়া মিজানুর রহমানছবি: সংগৃহীত

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক ও সামাজিক বিজ্ঞান) ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় পাসের হার ৬০ শতাংশ। এ পরীক্ষায় সর্বোচ্চ ৮১.৫ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়া মিজানুর রহমান। সোমবার দুপুরে ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মনজুরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, ‘বি’ ইউনিটে মোট ৯৩ হাজার ১০২ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮২ শতাংশ (৭৬ হাজার ৭৫৫ জন)। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে (৩০-এর ওপরে) পাস নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৬০.৫০ শতাংশ (৪৬ হাজার ৬৩০ জন) শিক্ষার্থী। অপর দিকে ৩০-এর কম নম্বর পেয়ে অকৃতকার্য হয়েছেন ৩৯ শতাংশ (৩০ হাজার ৮৯ জন)।

আরও পড়ুন

ফলাফলে দেখায়, সর্বোচ্চ ৮১.৫ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়া মিজানুর রহমান। এ ছাড়া এ বছর সর্বনিম্ন প্রাপ্ত নম্বর মাইনাস ১৬.২৫। এ ছাড়া রোল নম্বর ও পরিচয়পত্র ভরাট–সংক্রান্ত ভুলের কারণে ৩৬ জন শিক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে।

ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা গুচ্ছভুক্ত পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইট থেকে তাঁদের ব্যক্তিগত ফলাফল সংগ্রহ করতে পারবেন। যোগ্য প্রার্থীদের পরবর্তী সময়ে নির্ধারিত প্রক্রিয়ায় বিভাগ ও বিশ্ববিদ্যালয় পছন্দক্রম পূরণ করতে হবে।

ফলাফল–সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় গুচ্ছভু্ক্ত ভর্তি পরীক্ষার দুই ইউনিট সম্পন্ন হয়েছে। বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। পরবর্তী পরীক্ষাও (এ ইউনিট) সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব বলে আশাবাদী।’

আরও পড়ুন